ডিবির সঙ্গে 'গোলাগুলিতে' আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্দুকযুদ্ধ। ছবিটি প্রতীকী
বন্দুকযুদ্ধ। ছবিটি প্রতীকী

রাজধানীর তুরাগ এলাকায় দুর্বৃত্তের সঙ্গে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের ‘গোলাগুলির’ ঘটনায় দুজন আহত হয়েছেন। গতকাল বুধবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন মাসুদ ও নাসির। পুলিশ বলছে, তাঁরা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য।


পুলিশ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, কাল মধ্যরাতে তুরাগ সেতুর কাছে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একটি সংঘবদ্ধ ডাকাত দল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেখানে অভিযান চালায় ডিবি। তারা সেখানে পৌঁছানোর পর দুর্বৃত্তরা গুলি ছুড়তে শুরু করে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। ‘গোলাগুলিতে’ দুজন আহত হন। অন্যরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, ওই দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেলে আনা হয়। পরে চিকিৎসা দিয়ে আবার তাঁদের নিয়ে গেছে ডিবি।

এ বিষয়ে ডিবির সঙ্গে যোগাযোগ করা হলে তারা কিছু জানাতে পারেনি।