ডিবির সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ছাত্রদল নেতা নিহত
রাজধানীর খিলগাঁও এলাকায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নুরুজ্জামান জনি (৩০) নামের ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন। গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) উপকমিশনার কৃষ্ণপদ রায় বলেন, জনি ছাত্রদলের নেতা বলে জানা গেছে। রাজধানীর মৎস্য ভবনের সামনে পুলিশের ওপর সর্বশেষ বোমা হামলার সঙ্গে তিনি জড়িত ছিলেন। তবে জনির রাজনৈতিক পদের বিষয়ে তিনি কিছু জানাননি।
ডিবি (দক্ষিণ) সূত্র জানায়, গতকাল নাজিমউদ্দিন রোড থেকে ডিবি জনিকে আটক করে। এরপর রাত আড়াইটার দিকে তাঁকে নিয়ে খিলগাঁও জোড়পুকুর বালুর মাঠের প্রধান ফটক এলাকায় অভিযানে যায় ডিবি। এ সময় প্রতিপক্ষরা ডিবিকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করলে ডিবির সঙ্গে তাদের বন্দুকযুদ্ধ হয়।
ডিবির দাবি, ‘বন্দুকযুদ্ধ’ চলাকালে প্রতিপক্ষের ছোড়া গুলিতে নুরুজ্জামান গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল থেকে ককটেল, গুলি ও বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিনের ভাষ্য, ভোররাত পৌনে চারটার দিকে গুলিবিদ্ধ জনিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায় পুলিশ। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই ব্যক্তির শরীরে ১৫টি গুলির চিহ্ন রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-১-এর পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, জনির লাশ কলেজ মর্গে রাখা হয়েছে।