চার 'ভুয়া ডিবি' ধরা
গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে অপহরণ ও চাঁদা আদায়কারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর মগবাজার এলাকায় অভিযান চালিয়ে ওই চার ভুয়া ডিবিকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) এই অভিযান চালায়।
ডিবির ভাষ্যমতে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শফিকুল ইসলাম (৩৮), মো. ইমরান (৩০), মো. আপেল (২৯) ও মো. ইব্রাহীম (২৮)।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিষয়ে জানাতে আজ রোববার দুপুরের দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে ডিবির যুগ্ম কমিশনার আবদুল বাতেন বলেন, ভুয়া ডিবির এই চক্রটির কর্মকাণ্ড মূলত ব্যাংককেন্দ্রিক। ব্যাংক থেকে টাকা নিয়ে বের হওয়া ব্যক্তিদের তারা ডিবি পরিচয় দিয়ে অপহরণ করে। পরে অপহৃত ব্যক্তির কাছ থেকে টাকা আদায় করে।
আবদুল বাতেন জানান, চক্রটি বগুড়া, রংপুর ও সিরাজগঞ্জে তৎপরতা চালিয়ে আসছিল। সম্প্রতি তারা ঢাকায় সক্রিয় হয়। তাদের কাছ থেকে ওয়াকিটকি, ডিবির জ্যাকেট, খেলনা পিস্তল, হাতকড়া ও লাঠি উদ্ধার করা হয়েছে।