ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি ওষুধসহ একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রায় ২০ হাজার বড়ি, সরকারি ওষুধসহ গত সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পর্টারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত সোমবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অদূরে বালাপাড়া ইউনিয়নের রূপাহারা গ্রামের হযরত আলীর ছেলে মোমিনুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে ১৩ প্রকারের ২০ হাজার ৩৩০টি ক্যাপসুল, সিরাপ ও বড়ি জব্দ করা হয়। এ সময় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মোমিনুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তিনি ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পর্টার।

পুলিশি হেফাজতে থাকা মোমিনুর বলেন, তিনি পাঁচ বছর ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই কর্মসূচির ভ্যাকসিন কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য চুক্তিভিত্তিক চাকরি করছেন। সোমবার রাত আড়াইটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট সফিয়ার রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই বস্তা সরকারি ওষুধ তাঁকে দেন। তাঁর কথামতে তিনি একটি মাইক্রোবাসে করে তা বাসায় নিয়ে যান। রাতেই পুলিশ তাঁর বাসায় অভিযান চালিয়ে ওই ওষুধসহ তাঁকে ধরে নিয়ে আসে।

এ বিষয়ে সফিয়ার বলেন, ‘এ ঘটনার সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।’

ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জেড এ সিদ্দিকী মুঠোফোনে বলেন, ‘আমি একটি মিটিংয়ে নীলফামারী সদরে অবস্থান করছি। ওষুধ উদ্ধারের বিষয়টি শুনেছি। মোমিনুর আমাদের পর্টার ছিলেন। গত ১৬ ডিসেম্বর থেকে ওই প্রকল্প বন্ধ হওয়ায় তিনি আর আমাদের পর্টার নন। সিভিল সার্জনের নির্দেশে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটি তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবে।’

এ ব্যাপারে জানতে চাইলে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোয়াজ্জেম হোসেন বলেন, জব্দ করা সরকারি ওষুধগুলোর আনুমানিক মূল্য প্রায় দুই লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তারা মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে। মোমিনুর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।