ডিমলায় ছাত্রীকে অপহরণের অভিযোগ
নীলফামারীর ডিমলা উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাতে এ ঘটনা ঘটেছে।
পরিবার ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, ডিমলা জেলা পরিষদ উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী (১২) বিদ্যালয়ে যাতায়াতের পথে উপজেলার সদর ইউনিয়নের রামডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর হোসেন (১৮) তাকে উত্ত্যক্ত করত। ওই ছাত্রী বিষয়টি পরিবারের লোকজনকে জানালে জাহাঙ্গীর ক্ষিপ্ত হয়ে বুধবার রাতে বাড়িতে হামলা চালায় এবং তাকে অপহরণ করে।
ওই ছাত্রীর বাবা অভিযোগ করেন, ‘জাহাঙ্গীর হোসেন তার দলবল নিয়ে বুধবার রাত সাড়ে ১১টার দিকে বাড়িতে অতর্কিত হামলা চালায়। লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রের মুখে পরিবারের লোকজনকে জিম্মি করে আমার মেয়েকে অপহরণ করে।’
এ বিষয়ে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন খান বলেন, মেয়ের বাবা এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন। তবে কিছু ত্রুটি থাকায় তা সংশোধন করতে বলা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।