ডিমলায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক
নীলফামারীর ডিমলা উপজেলায় তনজিনা বেগম (৪০) নামের এক গৃহবধূকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলার নাউতারা ইউনিয়নের শালহাটি গ্রামে এ ঘটনা ঘটেছে। তনজিনা ওই গ্রামের আজিজুল ইসলামের স্ত্রী।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে আজিজুল ইসলাম বুধবার সন্ধ্যায় তনজিনাকে কোদাল দিয়ে মাথায় কোপ মারেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে প্রতিবেশীরা তাঁকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার পর থেকে আজিজুল পলাতক।
ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অনুপ কুমার রায় বলেন, সন্ধ্যা সাতটার দিকে মুমূর্ষু অবস্থায় ওই গৃহবধূকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান। গৃহবধূর মাথা ধারালো অস্ত্র দিয়ে কোপানো ছিল।
গতকাল বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য লাশ নীলফামারী আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।