ডিমলায় ছাত্রলীগ শিবির সংঘর্ষে আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডিমলা উপজেলায় গতকাল সোমবার দুপুরে ছাত্রলীগের সঙ্গে ছাত্রশিবিরের নেতা-কর্মীদের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে উপজেলা ছাত্রশিবিরের সভাপতি অপিয়ার রহমানকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং ছাত্রলীগের চার নেতা-কর্মীকে ডিমলা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, গত ৪ মে রাতে ডিমলা উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ আবদুস সাত্তারকে পুলিশ গ্রেপ্তার করে। তিনি গতকাল জামিনে মুক্তি পান। নেতার মুক্তিতে দুপুরে নিজপাড়া মাদ্রাসাসংলগ্ন ঠুটারবাজার এলাকায় শিবিরের নেতা-কর্মীরা একটি আনন্দ মিছিল বের করেন। এ সময় তাঁরা আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিলে ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে শিবিরের ডিমলা উপজেলা সভাপতি ও সদর ইউনিয়নের নটাবাড়ী গ্রামের ইছামুদ্দিনের ছেলে অপিয়ার রহমান (২৮) গুরুতর আহত হন। অন্য আহত চারজন ছাত্রলীগের কর্মী।
পুলিশ জানায়, ছাত্রশিবিরের নেতা অপিয়ার দশম জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে খালিশাচাপানি ব্যাপারীটোলা দাখিল মাদ্রাসার ভোটকেন্দ্র দখলের চেষ্টা করেন। তখন ওই কেন্দ্রে একজন নিহত হন। ওই নাশকতার মামলার আসামি অপিয়ার দীর্ঘদিন পলাতক ছিলেন।