ডিমলায় শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন, দুই ভাই গ্রেপ্তার
নীলফামারীর ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের নূর বিদ্যানিকেতন নামের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে গত বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার দুই ভাই হলেন খগাখড়িবাড়ি ইউনিয়নের বন্দর খড়িবাড়ি গ্রামের সহিদুল আলমের ছেলে রাকিবুল ইসলাম (৩০) ও শরিফুল ইসলাম (২৫)।
নূর বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক হারুন অর রশিদ বলেন, ১৯ জানুয়ারি এই প্রতিষ্ঠানের জমি নিয়ে দ্বন্দ্বের জেরে রাকিবুল ও শরিফুল তাঁদের বাড়িতে আগুন দিয়ে বিদ্যানিকেতনে লুটপাটের ঘটনা ঘটান। এ ঘটনায় তিনি গত বুধবার রাতে থানায় মামলা করেন।
হারুন অর রশিদ আরও বলেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে রাকিবুল ও শরিফুল তাঁদের বািড়র আসবাব ও বৈদ্যুতিক লাইনের তার খুলে রেখে বিদ্যানিকেতনে আগুন লাগিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, ওই বিদ্যানিকেতনের ৫৫ শতাংশ জমির মালিকানা নিয়ে বন্দর খড়িবাড়ি গ্রামের মৃত সামছুল হুদার দুই ছেলে হারুন অর রশিদ ও তাঁর বড় ভাই সহিদুলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ওই প্রতিষ্ঠানের সাতটি শ্রেণিকক্ষ সহিদুল ছয় মাস আগে দখলে নেন। এ ঘটনা নিয়ে আদালতে উভয় পক্ষের মধ্যে মামলা চলছে।
তবে সহিদুল বলেন, ‘পৈতৃক সূত্রে ওই জমির আমিও অংশীদার। বৃহস্পতিবার রাতে বাইরে শব্দ শুনতে পেয়ে গিয়ে দেখি, আগুন। আমাদের বািড়র আসবাব ও বৈদ্যুতিক লাইনের তার খুলে রেখে ওই বিদ্যানিকেতনে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সত্য না।’
ডিমলা থানার উপপরিদর্শক (এসআই) সাহাবুদ্দিন আহম্মেদ বলেন, অগ্নিকাণ্ড দেখে মনে হচ্ছে, ওই বিদ্যানিকেতনের শ্রেণিকক্ষ পুড়ে দেওয়ার উদ্দেশ্যে ওই আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা না হলেও আগের দায়ের করা মামলায় বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাকিবুল ও শরিফুলকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের গতকাল কারাগারে পাঠানো হয়েছে।