ডিমলায় শ্বশুর বাড়িতে জামাতার রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডিমলা উপজেলায় শ্বশুরবাড়িতে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। গত রোববার রাতে উপজেলার বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ সুন্দরখাতা (শিংপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার বন্দর কলেজপাড়া গ্রামের খোকন সরকারের ছেলে পনিক সরকার (৩০) দক্ষিণ সুন্দরখাতা গ্রামের তপন কুমার সিংহের মেয়ে বৃষ্টি রানী সিংহকে (১৬) বিয়ে করেন। মা-বাবার অমতে বিয়ে করায় বিয়ের পর থেকে জামাতা পনিকের সঙ্গে শ্বশুর তপন কুমারের ভালো সম্পর্ক ছিল না। বৃষ্টি বাবার বাড়িতে ছিলেন। পনিক রোববার রাত আটটার দিকে স্ত্রীকে নেওয়ার জন্য শ্বশুরবাড়িতে আসেন। কিন্তু তপন কুমার তাঁর মেয়েকে পনিকের সঙ্গে পাঠাতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে রাত ১০টার দিকে স্ত্রী বৃষ্টির সঙ্গে পনিকের কথা-কাটাকাটি শুরু হয়। এ সময় তপনের সামনেই বৃষ্টিকে পনিক মারধর করেন। এ ঘটনার প্রায় দুই ঘণ্টা পর রাত ১২টার দিকে এলাকাবাসী পনিককে অচেতন অবস্থায় তপনের বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করেন। পরে পনিককে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বৃষ্টির পরিবারের দাবি, পনিক পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।
এ ব্যাপারে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী গতকাল সোমবার বিকেল পাঁচটার দিকে প্রথম আলোকে জানান, বিষয়টি জানার পর হাসপাতাল থেকে পনিকের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পনিকের স্বজনেরা এখনো থানায় আসেননি।
এ ব্যাপারে তাঁরা লিখিত কোনো অভিযোগও দেননি। অভিযোগ পাওয়া না গেলে সাধারণ ডায়েরি (জিডি) করে ময়নাতদন্তের জন্য লাশ নীলফামারী আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।