বিজয়নগর উপজেলা খাদ্যবান্ধব কর্মসূচিতে অব্যবস্থাপনা
ডিলারদের গাফিলতিতে ১০ টাকার চাল পেল না দুস্থরা
খাদ্যবান্ধব কর্মসূচির তালিকায় নাম থাকার পরও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নে ৭২৪টি হতদরিদ্র পরিবার ১০ টাকা কেজি দরে চাল কিনতে পারছে না। ডিলারদের গাফিলতি ও অবহেলার কারণে তাঁরা চাল কেনার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্র জানা গেছে, হতদরিদ্র মানুষের জন্য পল্লি রেশনিং কার্যক্রমের আওতায় ১০ টাকা কেজি দরে দেশের ৫০ লাখ পরিবারকে চাল দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। কর্মসূচির আওতায় তালিকাভুক্ত প্রতিটি পরিবার ১০ টাকা দরে প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবে। বছরের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ফেব্রুয়ারি ও এপ্রিল—এই পাঁচ মাস এ কর্মসূচি চালু থাকবে।
সারা দেশের মতো খাদ্যবান্ধব কর্মসূচির অধীনে বিজয়নগর উপজেলায় বিভিন্ন ইউনিয়নে হতদরিদ্র ব্যক্তিদের মধ্যে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ করা হচ্ছে। এর মধ্যে সিঙ্গারবিল ইউনিয়নের ৭২৪টি হতদরিদ্র পরিবারকে এই চাল দেওয়ার জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় দুজন ডিলার নিয়োগ দেয়। তাঁরা হলেন বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক ও সিঙ্গারবিল ইউনিয়ন যুবলীগের সভাপতি কবির আহমেদ। জিয়াউল হকের ৩৭৪টি পরিবার ও কবির আহমেদের ৩৫০টি হতদরিদ্র পরিবারকে চাল দেওয়ার কথা।
সিঙ্গারবিল ইউনিয়ন কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হাজি শাহ আলম প্রথম আলোকে বলেন, ‘যেসব সুবিধাভোগী চাল পাননি, তাঁদের একটি তালিকা আমরা পেয়েছি। ওই তালিকা অনুসারে খিরাতলা গ্রামের ৫০ জন, শ্রীপুরের ১০০ জন ও কাঞ্চনপুরের ৫০ জন হতদরিদ্র মানুষ চাল পাননি।’
সিঙ্গারবিল ইউনিয়নের খিরাতলা গ্রামের সুদ মিয়া, তাহের মিয়া, ইকবাল হোসেন, বকুল মিয়া, হেলু মিয়া, হারুন মিয়া নামের কয়েকজন অভিযোগ করেন, তালিকায় তাঁদের নাম থাকলেও কেউ চাল পায়নি। গত ৩০ সেপ্টেম্বর চাল বিতরণের শেষ দিন ছিল। কিন্তু ওই দিন বেলা আড়াইটার দিকে ডিলারের দোকানের সামনে দুই ঘণ্টা দাঁড়িয়ে থেকেও কেউ চাল পায়নি।
ডিলার বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক চাল বিতরণে গাফিলতির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বরাদ্দের তুলনায় গরিব লোকের সংখ্যা অনেক বেশি। যারা আসছে, তাদের সবাইকে চাল দিচ্ছি। কাউকেই ফিরিয়ে দিচ্ছি না।’
অপর ডিলার সিঙ্গারবিল ইউনিয়ন যুবলীগের সভাপতি কবির আহমেদ দাবি করেন, খিরাতলা গ্রামের মাত্র ২৫ জনের জন্য চাল বরাদ্দ হয়েছে। তালিকা অনুযায়ী সবাইকে চাল দেওয়া হচ্ছে। কাউকেই ফিরিয়ে দেওয়া হয়নি।
বিজয়নগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, সকাল থেকেই খিরাতলা, শ্রীপুরসহ বেশ কয়েকটি গ্রামে হতদরিদ্র ব্যক্তিরা চাল পাচ্ছেন না বলে মুঠোফোনে তিনি অভিযোগ পাচ্ছেন। সিঙ্গারবিলের শ্রীপুর, খিরাতলা ও কাঞ্চনপুরে লোক পাঠানো হয়েছে। যারা চাল পাননি তাঁদের শিগগিরই চাল দেওয়া হবে।