খাদ্যবান্ধব কর্মসূচির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর ইউনিয়নের বাসিন্দারা। কারণ, ইউনিয়নে প্রায় দেড় মাস আগে দুজন ডিলার হলেও গতকাল শুক্রবার পর্যন্ত চাল তোলেননি তাঁরা।
বাঞ্ছারামপুরের উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাই ইউনিয়নের ডিলারদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আনোয়ারুল হক প্রথম আলোকে বলেন, ‘বারবার অনুরোধ করা সত্ত্বেও মানিকপুরের ডিলাররা কোনো চাল উত্তোলন করেননি। আমি তাঁদের বলেছি, আগামী রোববারের মধ্যে চাল না তুললে তাঁদের ডিলারশিপ বাতিল করা হবে।’
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্র জানায়, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করতে গত ১০ সেপ্টেম্বর বাঞ্ছারামপুরের ১৩টি ইউনিয়নে ২৪ জনকে ডিলার নিয়োগ দেওয়া হয়। মানিকপুর ইউনিয়নে ডিলারশিপ পান মো. শরিফুর রহমান ও সাইদুর রহমান। তাঁদের মাধ্যমে ৭৪০ জনের চাল পাওয়ার কথা।
কিন্তু খাদ্যবান্ধব কর্মসূচির তালিকায় নাম থাকা কয়েকজন জানান, তাঁরা ওই ডিলারদের কাছ থেকে গতকাল পর্যন্ত এক ছটাক চালও কিনতে পারেননি। মানিকপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় সূত্র জানায়, খাদ্যবান্ধব কর্মসূচির চাল উত্তোলন করতে ইউপি চেয়ারম্যান আবদুর রহিম ব্যক্তিগতভাবে ডিলারদের অনুরোধ করেছেন। তাতেও কোনো কাজ হয়নি। ডিলারদের অনীহার কারণে এ কর্মসূচি থেকে বঞ্চিত হচ্ছে ইউনিয়নবাসী।
অভিযোগ প্রসঙ্গে বক্তব্য জানতে ডিলার সাইদুর রহমানের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ধরেননি। অপর ডিলার শরিফুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সুবিধাভোগীদের তালিকা তৈরি করতে দেরি হওয়ায় সেপ্টেম্বর মাসে চাল তোলা যায়নি। আর আমার ঘর ঠিক না থাকায় চলতি মাসের চাল তুলতে পারিনি। তবে আগামী সপ্তাহে আমি চাল ওঠাতে পারব।’