ডিলারের গাফিলতিতে দুই মাসের চাল পাননি ৫৫০ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের ছলিমাবাদ এলাকার সাতটি গ্রামের ৫৫০ জন হতদরিদ্র ব্যক্তি খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের দুই মাসের চাল থেকে বঞ্চিত হয়েছেন। ওই এলাকার ডিলারের গাফিলতির কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।

উপজেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ১৩টি ইউনিয়নে গত ১০ সেপ্টেম্বর ২৫ জন ডিলার নিয়োগ দেয় উপজেলা প্রশাসন। ডিলার নিয়োগ দেওয়ার পর থেকে সেপ্টেম্বর মাস থেকেই প্রত্যেক হতদরিদ্র ব্যক্তির ৩০ কেজি করে চাল পাওয়ার কথা। কিন্তু ছলিমাবাদ এলাকার ডিলার মো. জালাল মিয়া সেপ্টেম্বর ও অক্টোবর মাসে কোনো চাল তোলেননি। উপরন্তু তিনি গত ২৬ অক্টোবর জামানত ফেরত চেয়ে আবেদন করেন ইউএনওর কাছে।

এ বিষয়ে ছলিমাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন বলেন, ‘আমি ডিলার জামাল মিয়াকে ১০ টাকা কেজি দরের চাল তুলে দুস্থদের মধ্যে বিতরণ করতে কয়েকবার বলেছি। এ ছাড়া তাঁকে আমি আমার সচিবের মাধ্যমে নোটিশও দিয়েছি। তারপরও সে (ডিলার) চাল না তোলায় ছলিমাবাদ এলাকার কেউই চাল পায়নি।’ দুই মাস ধরে এ বিষয়ে আপনারা কী করেছেন, জানতে চাইলে চেয়ারম্যান বলেন, ডিলার ঢাকা থাকায় তাৎক্ষণিকভাবে কোনো ব্যবস্থা নেওয়া যায়নি।

ডিলার জামাল মিয়া বলেন, ‘আমার কাছে টাকাপয়সা না থাকায় আমি চাল তুলতে পারিনি। আমি কিছুদিন আগে অব্যাহতি এবং জামানত ফেরত চেয়ে ইউএনও স্যার বরাবর আবেদন করেছি। কিন্তু এখনো তা ফেরত পাইনি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমান বলেন, ‘ছলিমাবাদ এলাকার ডিলার জামাল মিয়াকে ডিলারশিপ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে তিনি জামানতের টাকা ফেরত পাননি। চার দিন আগে নতুন করে ডিলার নিয়োগ দেওয়ার বিজ্ঞাপন দিয়েছি। কিন্তু এতে কেউ আগ্রহ দেখাচ্ছে না। আর ওই ডিলারের গাফিলতিতেই সাড়ে ৫০০ দুস্থ লোক ১০ টাকা কেজির চাল পাননি।’