লালমনিরহাটের আদিতমারী উপজেলায় এক ডিলারের বিরুদ্ধে মাসুদ রানা (৩৫) নামের এক প্রতিবন্ধীর ১০ টাকা কেজি দরের চালের কার্ড (কার্ড নম্বর ৩৯১) আটকে রাখার অভিযোগ উঠেছে। উপজেলার ভাদাই ইউনিয়নের ডিলার ও ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস আহম্মেদ বসুনিয়ার বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
মাসুদ রানা ওই ইউনিয়নের বসিনটারী গ্রামের বাসিন্দা।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, কার্ডটি উদ্ধারে প্রতিবন্ধী মাসুদ ডিলারের পেছনে ঘোরার পাশাপাশি সাংবাদিকসহ মৌখিকভাবে অনেককে জানিয়েছেন। মাসুদের বড় ভাই মঞ্জু মিয়া (৪০) ভাইয়ের কার্ডটি উদ্ধার করতে গিয়ে গত শুক্রবার ডিলারের লোকজনের হাতে লাঞ্ছিত হন।
মাসুদ ও মঞ্জু অভিযোগ করে বলেন, গত সেপ্টেম্বর মাসের ৩০ কেজি চাল উত্তোলন করে ডিলার তাঁকে (মাসুদ) ২৪০ টাকা দিয়েছেন। বাকি টাকা চাইলে তাঁর কার্ডটি বাতিলের হুমকি দেওয়া হয়।
তবে ইলিয়াস আহম্মেদ গতকাল শনিবার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘মাসুদ আধপাগলা টাইপের ছেলে ও আমার আত্মীয় বলে আমি তাঁর কার্ডটি করে দিয়েছি। কার্ডটি তিনি (মাসুদ) হারাতে পারেন বলে আমার কাছে রেখেছি। মাসুদের আধা পাকা বাড়ি আছে, তাই প্রয়োজন হলে তাঁর কার্ডটি পরিবর্তন করে অন্য কাউকে দেওয়া হবে।’ তাহলে কেন মাসুদকে কার্ড দিলেন, আবার চালের পরিবর্তে কম টাকা দিলেন, এমন প্রশ্নের কোনো জবাব না দিয়ে ইলিয়াস মুঠোফোনের সংযোগ কেটে দেন। তবে এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, মাসুদের বাবা শমসের আলী পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী ছিলেন। ১০-১২ বছর আগে তিনি মারা যান। মারা যাওয়ার আগে তিনি একটি আধা পাকা বাড়ি করেন। তবে এই বাড়ি ছাড়া আর কোনো সম্পদ নেই। মাসুদ প্রতিবন্ধী ও তাঁর আর্থিক অবস্থা ভালো নয়।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এ টি এম শাজ্জাদুর রহমান চৌধুরী বলেন, ডিলার কখনো কারও কার্ড নিজের কাছে রাখতে পারেন না। তিনি অভিযোগের বিষয়টি গুরুত্বসহকারে দেখবেন বলে জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল খায়রুম বলেন, ‘একজন প্রতিবন্ধীর কার্ড আটকে রাখা সত্যিই দুঃখজনক। বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে অবহিত হয়েছি, কেউ লিখিতভাবে অভিযোগ করলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’