ডিশ ব্যবসায়ীকে গুলি, এএসআইয়ের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁও থানা এলাকায় এক ডিশ ব্যবসায়ীকে গুলি করার অভিযোগে আটক বংশাল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শামীম রেজার বিরুদ্ধে মামলা হয়েছে। আল আমিনকে হত্যাচেষ্টার অভিযোগে আজ শুক্রবার বিকেলে এ মামলা হয়। এএসআই শামীমকে প্রত্যাহারও করা হয়েছে।

পুলিশ জানায়, আজ শুক্রবার দুপুর ১২টার দিকে নন্দীপাড়ার পাঁচ নম্বর সড়কে ডিশ ব্যবসায়ী আল আমিনকে গুলি করার অভিযোগ ওঠে এএসআই শামীমের বিরুদ্ধে। আহত আল আমিনকে রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খিলগাঁও থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন প্রথম আলোর কাছে মামলার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) মফিজুদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, এএসআই শামীমকে প্রত্যাহার করা হয়েছে।