অবৈধভাবে দুটি চালকলকে ৬৭ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়ার অভিযোগে নওগাঁর জেলা প্রশাসক (ডিসি), খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাসহ নয়জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। শফিকুল ইসলাম নামের এক চালকলের মালিক বাদী হয়ে নওগাঁর সিনিয়র সহকারী জজ আদালতে এ মামলা করেন।
মামলার আসামিরা হলেন ডিসি আমিনুর রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক আনোয়ার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিনা আখতার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আলী, সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অরুণ কুমার প্রামাণিক, নওগাঁ জেলা চালকল মালিক গ্রুপের সভাপতি তৌফিকুল ইসলাম, উপজেলা চালকল মালিক গ্রুপের সভাপতি আবদুল মোতালেব তালুকদার, কনিকা চালকলের স্বত্বাধিকারী মেহেদী হাসান ও মাহবুব চালকলের স্বত্বাধিকারী মাহবুবুর রহমান।
শফিকুল নওগাঁ সদর উপজেলার সুলতানপুর মহল্লার নিশি চালকলের মালিক। তিনি ৯ সেপ্টেম্বর আদালতে মামলাটি করেন।
মামলার আরজি সূত্রে জানা যায়, চলতি মৌসুমে সদর উপজেলার ৩৪৯ নম্বর লাইসেন্সধারী নজিবর চালকল সরকারি খাদ্য গুদামে চাল সরবরাহের জন্য তালিকাভুক্ত হয়। মালিকানা নিয়ে বিরোধের কারণে ওই চালকল তাদের জন্য বরাদ্দ করা ৬৭ মেট্রিক টন চাল সরবরাহের জন্য গত ৩১ মের মধ্যে চুক্তি সম্পাদন করতে পারেনি। এ অবস্থায় জেলা খাদ্য নিয়ন্ত্রক ওই কলের জন্য চাল বরাদ্দ স্থগিত করেন।
খাদ্য নীতিমালা অনুযায়ী, জেলা ধান ও চাল সংগ্রহ কমিটির নির্বাহী কর্মকর্তাহিসেবেজেলা খাদ্য নিয়ন্ত্রক ৬৭ মেট্রিক টন চাল উপজেলার লাইসেন্সধারী বাকি কলমালিকের মধ্যে আবার বরাদ্দ করতে পারবেন। কিন্তু জেলা সংগ্রহ কমিটির সিদ্ধান্ত না নিয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক বন্ধ মেসার্স কনিকা ও মাহবুব চালকলের নামে ওই ৬৭ মেট্রিক টন চাল পুনর্বরাদ্দ করেন। যা অবৈধ ও খাদ্য নীতিমালার পরিপন্থী বলে মামলায় দাবি করা হয়।
বাদী শফিকুল ইসলাম বলেন, ‘আমি ৩০ বছর ধরে নজিবর চালকলের স্বত্বাধিকারী হিসেবে চাল সরবরাহ করে আসছি। কিন্তু এবার ওই কলের নামে হওয়া বরাদ্দ বাতিল করে দেওয়া হয়। জেলা সংগ্রহ কমিটির সভা না ডেকেই খাদ্য নিয়ন্ত্রক বিধিবহির্ভূতভাবে ৬৭ মেট্রিক টন চাল পুনর্বরাদ্দ দিয়েছেন। যে দুটি চালকলকে এই বরাদ্দ দেওয়া হয়েছে তার কোনো অস্তিত্ব নেই।’
জেলা খাদ্য নিয়ন্ত্রক আনোয়ার হোসেন বলেন, নিয়ম অনুযায়ী পুনর্বরাদ্দ দেওয়া হয়েছে। চালকল মালিক গ্রুপের নেতাদের সঙ্গে বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই-তিন দিন আগে মামলা করার বিষয়টি জানতে পেরেছি।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আলী বলেন, ‘চালকল মালিক গ্রুপ যেভাবে তালিকা দেয়, আমরা ওই তালিকা অনুসারে চালের বরাদ্দ বণ্টন করি।’