ডিসির সঙ্গে প্রতারণা করতে গিয়ে ফাঁসলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেলা প্রশাসকের সঙ্গে প্রতারণা করতে এসে আটক ইমরান শেখ। তাঁকে ভ্রাম্যমাণ আদালত ৬ মাসের কারাদণ্ড দেন। মাগুরা, ৩ জানুয়ারি। ছবি: কবির হোসেন।
জেলা প্রশাসকের সঙ্গে প্রতারণা করতে এসে আটক ইমরান শেখ। তাঁকে ভ্রাম্যমাণ আদালত ৬ মাসের কারাদণ্ড দেন। মাগুরা, ৩ জানুয়ারি। ছবি: কবির হোসেন।

মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমানের সঙ্গে প্রতারণা করতে এসে আটক হয়েছেন এক প্রতারক। তাঁর নাম ইমরান শেখ (২২)। জাতীয় ভেজাল বিরোধী ফাউন্ডেশনের সদস্য হিসেবে ভেজাল বিরোধী অভিযান পরিচালনার বিষয়ে জেলা প্রশাসককে জানাতে এসে তিনি ফেঁসে যান।
ইমরান মাগুরার সদর উপজেলার বাসিন্দা।

জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে এক যুবক আমার কার্যালয়ে আসেন। তিনি নিজেকে জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশনের সদস্য হিসেবে পরিচয় দেন। ভেজাল বিরোধী অভিযান পরিচালনার বিষয়ে অবগত করা এবং সরকার অনুমোদিত ওই ফাউন্ডেশনের মাগুরা জেলার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসেবে নিজেকে উপস্থাপন করেন। তাঁর পরিচয়পত্র দেখে সন্দেহ জাগে। তাঁর কাছে অপরাধ বিচিত্রা নামে একটি মাসিক পত্রিকার তিনটি কপি পাওয়া যায়। পরে ওই যুবক স্বীকার করেন, তিনি একজন প্রতারক।’

আতিকুর রহমান জানান, ঝিনাইদহের এক ব্যক্তির মাধ্যমে তিনি দেড় হাজার টাকা দিয়ে ১ জানুয়ারি ‘জাতীয় ভেজাল বিরোধী ফাউন্ডেশনের’ সদস্য হিসেবে ওই পরিচয়পত্র জোগাড় করেন। এই পরিচয়পত্র দিয়ে ভেজালবিরোধী অভিযান চালানোর নামে অনৈতিক সুযোগ-সুবিধা আদায় তাঁর উদ্দেশ্য ছিল। এ সময় তাঁকে আটক করে পুলিশে দেওয়া হয়।

মাগুরা সদর থানার উপপরিদর্শক শ্রীবাস কুন্ডু প্রথম আলোকে বলেন, জেলা প্রশাসকের সঙ্গে প্রতারণার অভিযোগে ওই যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী হাকিম মো. খোরশেদ আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ওই যুবককে জেলহাজতে পাঠানো হয়েছে।