ডিসির সহায়তায় ছয় বছর পর বাড়ি ফিরলেন তিনি

জামালপুরের জেলা প্রশাসকের সহায়তায় হারিয়ে যাওয়ার ছয় বছর পর বাড়ি ফিরেছেন সাতক্ষীরার এক নারী। গত বুধবার তাঁকে স্বজনদের কাছে তুলে দেওয়া হয়।
ওই নারীর নাম শরিফা খাতুন (৫৫)। তাঁর বাড়ি সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলগাথা গ্রামে। ২০১০ সালে বাড়ি থেকে নিখোঁজ হন তিনি।
শরিফাকে নিতে জামালপুরে এসেছিলেন তাঁর মেয়ে সাবিনা আক্তার। তিনি বলেন, ‘কোনো দিন ভাবিনি, মাকে আবার খুঁজে পাব। এখন খুবই আনন্দ লাগছে।’
জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়, গত ২০ নভেম্বর ফেসবুকে শরিফার ছবি পোস্ট করেন এক ব্যক্তি। তাতে বলা হয়, পায়ে ঘা নিয়ে অজ্ঞাতপরিচয় এক নারী জামালপুর জেনারেল হাসপাতালের সামনে পড়ে আছেন। ওই পোস্টে তাঁর চিকিৎসার আবেদনও জানানো হয়। বিষয়টি জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খানের নজরে এলে তিনি জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাদের অবগত করেন। তাঁরা ওই দিনই শরিফাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করান। পরে জেলা প্রশাসক নিজে হাসপাতালে গিয়ে শরিফার চিকিৎসার ব্যবস্থা করেন।
জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, শরিফার পায়ের অবস্থা খুবই খারাপ ছিল। তবে দেড় মাসের চিকিৎসায় তিনি সেরে ওঠেন। এ সময়ের মধ্যে জেলা প্রশাসক অন্তত চারবার হাসপাতালে এসে চিকিৎসার খোঁজখবর নেন। আর মুঠোফোনে প্রায় দিনই তিনি খোঁজখবর নিতেন।
কিছুটা সুস্থ হওয়ার পর শরিফা নিজের নাম-পরিচয় বলেন। এরপর তাঁর বাড়ির ঠিকানায় খবর দেওয়া হয়। তাঁর মেয়ে সাবিনা গত বুধবার জামালপুরে আসেন। বিকেলে শরিফাকে তাঁর মেয়ের হাতে তুলে দেন জেলা প্রশাসক শাহাবুদ্দিন খান। পাশাপাশি তাঁর চিকিৎসা ও যাতায়াতের জন্য ২০ হাজার টাকা এবং একটি মুঠোফোন দেওয়া হয়।