সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. জয়নাল আবেদীনসহ তিন পদস্থ কর্মকর্তার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রাথমিকভাবে তাঁদের ব্যক্তিগত ও পারিবারিক ব্যাংক হিসাব এবং সম্পত্তির অনুসন্ধান করা হবে। পরে পর্যায়ক্রমে অনিয়ম ও দুর্নীতির বিষয়টি খতিয়ে দেখা হবে। এসবের মধ্যে কোনো গরমিল পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে দুদক সিলেট কার্যালয় সূত্র জানিয়েছে।
সূত্রগুলো জানায়, সম্প্রতি এক ব্যক্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী ও সহকারী কমিশনার (নেজারত, এনডিসি) তানভীর আল নাসীফের অনিয়ম ও দুর্নীতির বিষয়টি খতিয়ে দেখতে গতকাল থেকে অনুসন্ধানে নেমেছে দুদক। এর আগে রোববার বিকেলে তাঁদের ব্যক্তিগত সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ দেন দুদক সিলেটের সহকারী পরিচালক দেবব্রত মণ্ডল।
ওই নোটিশে তিন কর্মকর্তাকে তাঁদের পারিবারিক পরিচিতি, স্ত্রী-সন্তানদের নাম ও পেশা, পারিবারিক সদস্যদের আয়কর নথিসহ রিটার্নের সত্যায়িত ফটোকপি, তাঁদের নিজের পাশাপাশি নির্ভরশীল ব্যক্তিদের ব্যাংক হিসাব, এফডিআর, বিমা হিসাব, ডিপিএস, শেয়ার বিনিয়োগ, সঞ্চয়পত্রসহ অন্যান্য বিনিয়োগের তথ্য এবং তাঁদের ও নির্ভরশীল ব্যক্তিদের জমি, গাড়ি, বাড়ি, ফ্ল্যাট, দোকান ইত্যাদির দলিলের সত্যায়িত ফটোকপি জমা দেওয়ার কথা উল্লেখ রয়েছে। এসব তথ্যের পাশাপাশি তাঁদের দায়দেনার বিবরণ ও আয়ের উৎসের বিস্তারিত বর্ণনাও ১৮ ডিসেম্বরের মধ্যে দুদক সিলেট কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। এ ছাড়া ১৫ ডিসেম্বরের মধ্যে জেলা প্রশাসকের কাছে তাঁর দায়িত্বকালীন চারটি সুনির্দিষ্ট বিষয়ে দালিলিক তথ্য চেয়েছে দুদক।
প্রাথমিক অনুসন্ধান থেকে জানা গেছে, মো. জয়নাল আবেদীন নেত্রকোনা উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্ব পালনের পর জেলা প্রশাসক হিসেবে হবিগঞ্জ ও পরে সিলেটে যোগ দেন। ইউএনও ও দুই দফায় জেলা প্রশাসকের দায়িত্ব পালনকালে তিনি জলমহাল ও বালুমহালের ইজারা নিয়ে নানা কৌশলে অনিয়ম করেছেন। সিলেট শহরতলির চেঙ্গেরখাল এলাকার সালুটিকরের চর নামের একটি বালুমহাল ইজারাবহির্ভূত রেখে ২০১৪ সাল থেকে চলতি অর্থবছর পর্যন্ত খাস কালেকশন আদায় হয়েছে। এতে প্রায় দুই কোটি টাকার বালু লুটপাট হয়েছে। অভিযোগ রয়েছে, বালু লুটপাটের টাকার প্রায় ৬০ শতাংশ জেলা প্রশাসক ‘এলআর ফান্ড’-এ জমা দেওয়ার নামে আত্মসাৎ করেছেন।
দুদকের নোটিশ পাননি বলে রোববার রাতে জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে জানিয়েছিলেন। এনডিসি তানভীর আল নাসীফ সরকারি কাজে দেশের বাইরে আছেন।
তিনজনকে নোটিশ দেওয়া দুদক সিলেটের সহকারী পরিচালক দেবব্রত মণ্ডল গতকাল কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে দুদক সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক শিরিন পারভীন বলেন, ‘ডিসিসহ পদস্থ তিন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে অনুসন্ধান চালাচ্ছে দুদক।’