ডুবসাঁতারে রক্ষা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবু হোসেন (১০) অপহৃত হয়েছিল। পুলিশ শিশুটিকে উদ্ধারে তোড়জোড় শুরু করলে তাকে হত্যার পরিকল্পনা আঁটে অপহরণকারীরা। নদীতে নিয়ে পানিতে ডোবানো হয় তাকে।
নদীতে ডোবানোর সময় বাবুও অপহরণকারীদের বোকা বানিয়ে মরে যাওয়ার ভান করে। এরপর ডুবসাঁতার দিয়ে দূরে গিয়ে পাড়ে ওঠে সে। প্রাণরক্ষা পায় ছেলেটি। পরে স্থানীয় লোকজন খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে। গত বুধবার সন্ধ্যায় পাবনার চাটমোহর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বাবুর বাড়ি নড়াইলের কালিয়া সদরে। উদ্ধারের পর গতকাল বৃহস্পতিবার নড়াইল জেলা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।
পাবনা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, ২২ জুলাই কালিয়া এলাকার একটি চায়ের দোকান থেকে দুলাল হোসেন ও দীপু হোসেন নামের দুই অপহরণকারী বাবুকে অপহরণ করেন। তাঁরা শিশুটিকে পেথিডিন ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রেখে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করেন। বিষয়টি বাবুর পরিবার নড়াইল জেলা পুলিশকে জানায়। পুলিশ বাবুকে উদ্ধারে তোড়জোড় শুরু করলে অপহরণকারীরা ২৫ জুলাই রাতে তাকে চাটমোহরের ডিবিগ্রামে নিজেদের বাড়িতে নিয়ে আসে। মুঠোফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে তাঁদের অবস্থান শনাক্ত করে চাটমোহর থানা-পুলিশ ওই গ্রামে অভিযান চালায়। অবস্থা বেগতিক দেখে অপহরণকারীরা বাবুকে হত্যার পরিকল্পনা আঁটে। পরে গত বুধবার সন্ধ্যায় তাকে গ্রামের পাশের নদীতে নিয়ে পানিতে ডুবিয়ে হত্যার চেষ্টা করা হয়। এ সময় বাবু মরে যাওয়ার অভিনয় করে কৌশলে ডুবসাঁতার দিয়ে নদীর পাড়ে ওঠে রক্ষা পায়।