ডুবে যাওয়া ঐশী প্লাসের অনুমতি ছিল না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে ডুবে যাওয়া ঐশী প্লাস নামের ট্রলারটির রেজিস্ট্রেশন ছিল না, ফিটনেস সনদ ছিল না, ছিল না রুট পারমিট। এর ওপর বহন করছিল যাত্রী—এসব অভিযোগে আজ শনিবার ট্রলার মালিক ও চালকের বিরুদ্ধে মেরিন আদালতে মামলা করেছে বিআইডব্লিউটিএ।

এদিকে ট্রলারডুবির ঘটনায় আজ নিখোঁজ আরও একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম মো. জাকির হোসেন হাওলাদার। এ নিয়ে এই দুর্ঘটনায় ২৮ জনের লাশ উদ্ধার করা হলো। এখনো নিখোঁজ আছে একজন।

গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ওই নৌযান ডুবে যায়। ট্রলারডুবির পর ওই দিন ১৪, বৃহস্পতিবার ডুবে যাওয়া ট্রলার উদ্ধারের পর এর ভেতর থেকে চার ও রাতে নদীতে ভাসমান অবস্থায় ছয়টি লাশ পাওয়া যায়। গতকাল পাওয়া যায় আরও তিনটি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বরিশালের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপপরিচালক ও বন্দর কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, যাত্রী নিয়ে ডুবে যাওয়া ট্রলারটি ছিল অবৈধ যান। এটির কোনো রেজিস্ট্রেশন ছিল না, সার্ভে সনদ ছিল না এবং রুট পারমিট ছিল না। নির্ধারিত লঞ্চ ছেড়ে গেলে ঘাটে কোনো যাত্রী থেকে গেলে তাদের বহন করত এই ট্রলার। এসব অভিযোগ এবং যাত্রীদের প্রাণহানির ঘটনায় ট্রলার মালিক ইউসুফ হাওলাদার এবং চালক নয়ন মিয়ার বিরুদ্ধে মেরিন আদালতে মামলা করা হয়েছে। মামলার বাদী তিনি নিজেই।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান জানান, আজ শনিবার দুপুরে স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে খবর পেয়ে সন্ধ্যা নদীর শাখা নলশ্রী খাল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। জাকিরের ছেলে লাশটি শনাক্ত করে। তবে দীর্ঘ সময় পানিতে থাকায় লাশে পচন ধরেছে। তাঁর বয়স ৪০ বছরের মতো হবে বলে পুলিশ ধারণা করছে। জাকির হোসেন বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের হামেদ হাওলাদারের ছেলে।

ওসি বলেন, নিখোঁজ ব্যক্তিদের তালিকা অনুযায়ী মাইনুল ইসলাম রাজু (২০) নামের এক কলেজছাত্রের খোঁজ পাওয়া যায়নি। তিনি সলিয়াবাকপুর ইউনিয়নের মহিষাপোতা গ্রামের আবদুল হাই হাওলাদারের ছেলে। এ ছাড়া গত শুক্রবার উদ্ধার হওয়া শিশু জিদান নয়, ওর নাম দিদান। তবে নিখোঁজ তালিকায় ওর নাম ভুলে দিদার লেখা হয়েছিল।