ডুবে যাওয়া ট্রলার থেকে সাতটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের কুতুবদিয়ার খুদিয়ারটেক চ্যানেলে ডুবে যাওয়া ট্রলার থেকে গতকাল শুক্রবার সাতজনের লাশ উদ্ধার করেছেন কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা। এসব লাশের পরিচয় শনাক্ত করা যায়নি।
কোস্টগার্ডের কুতুবদিয়া স্টেশনের কমান্ডার তারেক মোস্তফা ঘটনাস্থল থেকে গতকাল মুঠোফোনে প্রথম আলোকে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ডুবে যাওয়া ট্রলারের নিচের অংশে মাছ রাখার জায়গা থেকে সাতটি লাশ উদ্ধার করা হয়। পরিচয় শনাক্ত করার জন্য লাশ কুতুবদিয়া থানায় নেওয়া হয়েছে। সেখানে জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিরা সাতটি লাশের পরিচয় শনাক্ত করার চেষ্টা করবেন।
চট্টগ্রামের কর্ণফুলী নদীর মাঝিরঘাট এলাকা থেকে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে গত বৃহস্পতিবার সকালে ‘এফবি ইদ্রিস’ নামের মাছ ধরার ট্রলার ডুবে যায়। কোস্টগার্ডের সদস্যরা স্থানীয়দের সহায়তায় ওই দিন দুপুরের মধ্যে ৪৩ জন যাত্রীকে জীবিত উদ্ধার করেন। গতকাল দুপুরে ডুবে যাওয়া ট্রলারটি টেনে তীরে তোলা হয়।
ডুবে যাওয়া ট্রলারটিতে ঠিক কতজন যাত্রী ছিল, তার সঠিক সংখ্যা পাওয়া যায়নি। উদ্ধার হওয়ার পর কয়েকজন যাত্রী প্রথম আলোকে বলেছেন, ট্রলারটিতে আনুমানিক ৭০-৮০ জন যাত্রী ছিল।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংসা থোয়াই জানান, ট্রলারডুবির ঘটনায় উদ্ধার হওয়া ৪৩ যাত্রীর মধ্যে ৩৭ জনের বাড়ি যশোর, নরসিংদী, নোয়াখালী, ময়মনসিংহ, বগুড়া ও মাদারীপুর জেলায়। অপর ছয়জনের (দালাল) বাড়ি কক্সবাজার সদর উপজেলার পোকখালী গ্রামে।
নিখোঁজ যাত্রীদের সন্ধানে গতকালও কোস্টগার্ডের জাহাজ ‘তৌহিদ’ ও ‘তানভীর’ এবং নৌবাহিনীর জাহাজ ‘অতন্দ্র’ ও ‘অপরাজেয়’ তল্লাশি অভিযান চালায়। পাশাপাশি এই দুই সংস্থার চারটি স্পিডবোটও অভিযানে অংশ নেয়। গতকাল দুপুর পর্যন্ত সাতটি লাশ পাওয়ার পর নতুন করে আর কাউকে জীবিত বা মৃত অবস্থায় উদ্ধার করা যায়নি।
নৌবাহিনীর ‘অপরাজেয়’ জাহাজের কমান্ডার ফয়েজুল ইসলাম বিকেল চারটার দিকে ঘটনাস্থল থেকে মুঠোফোনে প্রথম আলোকে জানান, আজ শনিবার সকালে লাশের সন্ধানে আরেক দফা সাগরে তল্লাশি চালানো হবে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ প্রথম আলোকে বলেন, ট্রলারডুবির ঘটনায় ছয় দালালসহ অজ্ঞাতনামা আরও ১২ জনের বিরুদ্ধে কুতুবদিয়া থানায় হত্যা ও মানব পাচার আইনে পৃথক দুটি মামলা হয়েছে। ছয় দালাল হলেন কক্সবাজার সদর উপজেলার পোকখালী গ্রামের নুর মোহাম্মদ, ওবায়দুল হক, ইসমাইল হোসেন, ইয়াছিন হোসেন, মো. রাসেল ও মো. তৈয়ুব।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, বৃহস্পতিবার মাতারবাড়ি উপকূল থেকে উদ্ধার হওয়া ১১ যাত্রীকে গতকাল কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।