ডুমুরিয়ায় ২২ ঘণ্টায় তিন লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ডুমুরিয়া উপজেলায় গত মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে পৃথক ঘটনায় দুটি লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি খুন এবং একটি আত্মহত্যার ঘটনা বলে সন্দেহ করছে পুলিশ। এর আগে ওই দিন ভোরেই উপজেলার মির্জাপুর এলাকার একটি খালপাড় থেকে সুদর্শন রায় (২১) নামের এক কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়।
উপজেলার চুকনগর বাজারের গাজী হোটেল থেকে মঙ্গলবার সন্ধ্যায় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ডুমুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. রতন-উজ্জামান জানান, গত সোমবার রাতে সাকিব খান (৩৫) ও শিখা (৩২) নামের দুজন স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে ওই হোটেলে ওঠেন। ঠিকানা হিসেবে তাঁরা ঢাকার গেন্ডারিয়া উল্লেখ করেন। পরদিন সকালে নাশতা করার কথা বলে হোটেল থেকে বেরিয়ে যান সাকিব পরিচয় দেওয়া যুবক। সন্ধ্যায় হোটেল কর্তৃপক্ষ দেখে, তাঁদের কক্ষে বাইরে থেকে তালা থাকলেও ভেতরে বাতি জ্বলছে। তখন ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে ওই নারীর লেপ মোড়ানো লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিস্তারিত পরিচয় ও ঠিকানা খুঁজে না পাওয়ায় পরে লাশটি দাফনের জন্য আঞ্জুমান মুফিদুল ইসলামকে দিয়ে দেওয়া হয়।
এর আগে মঙ্গলবার বিকেলে উপজেলার শোভনা খাঁ পাড়া এলাকার মাসুম বিল্লাহ (১৩) নামের এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ডুমুরিয়া থানার উপপরিদর্শক মো. ইউসুফ বলেন, মাসুম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। সে স্থানীয় পাঁচপোতা দাখিল মাদ্রাসায় পড়ত।
পুলিশ ও স্থানীয় লোকজন বলেছেন, কিছুদিন আগে মাসুম এক দুর্ঘটনায় মাথায় আঘাত পায়। তখন থেকে সে কিছুটা অস্বাভাবিক আচরণ করছিল।
এর আগে মঙ্গলবার ভোরে মির্জাপুর এলাকার খালপাড় থেকে কলেজছাত্র সুদর্শন রায়ের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত যুবকের পরিবারের অভিযোগ, প্রেমঘটিত কারণে তাঁকে ওই গ্রামের একটি মেয়ের পরিবারের সদস্যরা পিটিয়ে হত্যা করেছে। সুদর্শনের এক মামা বাদী হয়ে ডুমুরিয়া থানায় হত্যা মামলা করলে ওই মেয়ে, তাঁর মা-বাবা ও ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাস বলেন, গতকাল বুধবার তাঁরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।