ডেকে নিয়ে কিশোরকে হত্যা!
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর সীচা গ্রামে আজ শনিবার দুপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে লিটন মিয়া (১৪) নামের এক কিশোরকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। লিটন স্থানীয় সীচা দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
সুন্দরগঞ্জ থানার পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্র জানায়, আজ দুপুর ১২টার দিকে লিটনকে বাড়ি থেকে ডেকে নেয় ওই গ্রামের বাসিন্দা আবদুর রাজ্জাক (১৮) ও আমিন হোসেন (১৭)। বিকেল চারটা পর্যন্ত কিশোর লিটন মিয়া বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। বিকেল সাড়ে চারটার দিকে স্থানীয় লোকজন বাড়ির পাশে বাঁশঝাড়ে লিটনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত কিশোরের বাবা আঙুর মিয়া সাংবাদিকদের বলেন, ‘আমার ছেলের কী অপরাধ, তাকে এভাবে হত্যা করা হলো। আমি এর বিচার চাই।’
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন বলেন, নিহত ব্যক্তির গলায় আঘাতের চিহ্ন ছিল। প্রাথমিকভাবে একে হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। ঘটনার পর থেকে আবদুর রাজ্জাক ও আমিন পলাতক। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।