ডেকে নিয়ে জামাইকে হত্যা, স্ত্রী-শাশুড়িসহ আটক ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার রূপসা উপজেলার তিলক গ্রামে স্ত্রী, শাশুড়িসহ স্বজনদের বিরুদ্ধে বাড়িতে ডেকে নিয়ে পরাগ (২৫) নামের নতুন জামাইকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার সকালে পুলিশ তিলক গ্রামের একটি বাড়ির সেপটিক ট্যাংকের ভেতর থেকে পরাগের লাশ উদ্ধার করেছে।
নিহত পরাগ রূপসা উপজেলার দক্ষিণ খাজাডাঙ্গা গ্রামের খুতুবুর সরদারের ছেলে। তিনি লকপুর বাজারে পোলট্রি ফিশ ফিডের ব্যবসা করতেন।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য পরাগের স্ত্রী ফাহিমা হোসেন তামান্না (১৮) ও তাঁর মা জোসনাকে (৩৮) আটক করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁরা পরাগকে হত্যা করানোর কথা স্বীকার করেন। পরে পরাগের মামাশ্বশুর নাজিম সরদার (২১), হোসেন আলী (৫৫), রফিকুল ইসলাম ভূঁইয়া (৩০) এবং তামান্নার প্রেমিক শাকিলকে আটক করা হয়।
পরাগের চাচাতো ভাই সরদার কামাল হোসেন অভিযোগ করেন, তামান্নার সঙ্গে পরাগের চলতি বছরের ১৯ জানুয়ারি বিয়ে হয়। গত রোববার রাতে পরাগ নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে কাজ করছিলেন। এ সময় শাশুড়ি তাঁকে দ্রুত তাঁদের বাড়ি যেতে বলেন। শাশুড়ির ফোন পেয়ে পরাগ রোববার রাত আটটার দিকে মোটরসাইকেলে রওনা দেন। গতকাল সোমবার খুলনায় পোলট্রি ফিডের মাল কিনতে যাবেন বলে তাঁর সঙ্গে প্রায় দুই লাখ টাকা ছিল।
কামাল হোসেন বলেন, পরাগের খোঁজ না পেয়ে তাঁরা সারা রাত বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। সকালে রাস্তায় রক্তের দাগ দেখে খুঁজতে খুঁজতে তাঁরা তরফদার বাড়ির সেপটিক ট্যাংকের ভেতর লাশ দেখতে পান।