ডেকে নিয়ে দল বেঁধে কিশোরীকে ধর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে ফোন করে ডেকে নিয়ে প্রেমিক ও তার ছয় সহযোগী মিলে এক কিশোরীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। বর্তমানে ওই কিশোরীকে গুরুতর আহতাবস্থায় সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত বুধবার রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা নদীর চরাঞ্চলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মেয়েটির ভাই বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলা করেছেন।
থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সদর উপজেলার পারপাচিল গ্রামের রাসেল আহমেদ উপজেলার এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত বুধবার বিকেলে সে ওই কিশোরীর মুঠোফোনে ফোন দিয়ে তাকে বাড়ি থেকে ডেকে নেয়। পরে মেয়েটিকে সুকৌশলে যমুনা নদীর এক চরে বেড়াতে নিয়ে গিয়ে সেখানে আরও পাঁচ সহযোগীকে ফোন করে ডেকে আনে। পরে সবাই মিলে মেয়েটিকে সারা রাত ধর্ষণ করে অচেতন অবস্থায় চরে ফেলে রেখে যায়।
গতকাল বৃহস্পতিবার সকালে কিশোরীটিকে চরে পড়ে থাকতে দেখে এলাকাবাসী তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে নেয়।
ধর্ষণের শিকার কিশোরীর ভগ্নিপতি আবদুল খালেক বলেন, রাসেলের সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল। তাই রাসেলের ফোন পেয়ে বুধবার বিকেলে তাঁর শ্যালিকা বাড়ি থেকে বের হয়। কিন্তু রাতেও আর না ফেরায় অনেক
খোঁজাখুঁজি করা হয় মেয়েটিকে। তবু তাকে পাওয়া যায়নি। ভোরে এলাকাবাসী তাকে চর থেকে উদ্ধার করে।
হাসপাতালের স্ত্রীরোগ চিকিৎসক আঞ্জুমান আরা খাতুন বলেন, মেয়েটির শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে।
সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) নুরুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মেয়েটির ভাই বাদী হয়ে মামলা করেছেন আসামিরা পলাতক। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।