ডেকে নিয়ে ধর্ষণ প্রেমিক গ্রেপ্তার
মুঠোফোনে বিয়ের প্রলোভনে বাড়ি থেকে বের করে এনে শিকল দিয়ে বেঁধে রেখে এক কিশোরীকে ধর্ষণ ও তার পরিবারের কাছে এক লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নাটোরের নলডাঙ্গা থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ব্যাপারে নলডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) ওয়াজেদ আলী খান জানান, মেয়েটিকে উদ্ধার করে আদালতে পাঠানো হয়েছে। সে আদালতে জবানবন্দি দিয়েছে। তার ডাক্তারি পরীক্ষাও করা হবে। অভিযুক্ত যুবক কাউছার আলীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই কিশোরী বাদী হয়ে অপহরণ ও ধর্ষণের মামলা দায়ের করেছে।
থানা-পুলিশ সূত্র জানায়, ময়মনসিংহ সদর উপজেলার চরবড়বিলা গ্রামের এক রিকশাচালকের মেয়ের (১৭) সঙ্গে দিনাজপুরের বিরামপুর উপজেলার দেবীপুর গ্রামের জাবেদ আলীর ছেলে কাউছার আলীর (৩০) মুঠোফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৮ এপ্রিল ওই যুবক তাকে বিয়ের প্রলোভন দিয়ে বাড়ি থেকে বের করে এনে নলডাঙ্গা উপজেলার গৌরীপুর গ্রামের পূর্বপরিচিত এক ব্যক্তির বাড়িতে ওঠে। ওই বাড়ির লোকজনের সহায়তায় তার পায়ে শিকল বেঁধে তাকে দফায় দফায় ধর্ষণ করে। একপর্যায়ে সে ওই কিশোরীর এক বোনের কাছে মুঠোফোনে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
ওই কিশোরীর বোন গার্মেন্টস কর্মী নদী জানান, কাউছার আলীর ফোনে মুক্তিপণের এক লাখ টাকা বিকাশ করে না পাঠালে তাঁর বোনকে ভারতে পাচার বা হত্যা করা হবে বলে হুমকি দেয়। এ ঘটনা শোনার পর তিনি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন। এরপর গত শনিবার রাতে পুলিশ তাঁর বোনকে নলডাঙ্গা থেকে উদ্ধার করে। গতকাল রোববার বিকেলে সে বিচারিক হাকিমের কাছে জবানবন্দি দিয়ে নির্যাতনের বর্ণনা দেয়।