ফেনীর দাগনভূঞা উপজেলার বেকের বাজার এলাকায় পাঁচ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার বখাটে এক কিশোর শিশুটিকে খেলতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ির পাশে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় শিশুটিকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
শিশুটিকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অসীম কুমার সাহা বলেন, ধর্ষণের প্রাথমিক আলামত মিলেছে। শিশুটির চিকিৎসা চলেছে।
শিশুটির পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি মামলা না করতে বলেছেন। তাঁরা বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করছেন।
যে এলাকায় ঘটনাটি ঘটেছে সেটি উপজেলার মাতুভূঁইয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে পড়েছে। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন গতকাল রাতে মুঠোফানে প্রথম আলোকে বলেন, ধর্ষণের ঘটনাটি তিনি শোনেননি। ধর্ষণের ঘটনা সালিসে মীমাংসাযোগ্য নয়। খোঁজ নিয়ে তিনি এ বিষয়ে ব্যবস্থা নেবেন।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন প্রথম আলোকে বলেন, গতকাল সকালে ঘটনাটি ঘটলেও সন্ধ্যা পর্যন্ত থানায় মামলা হয়নি। এ ব্যাপারে পরিবার মামলা না করলেও পুলিশ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে।