ডেকে নিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ যেন সিনেমার কাহিনি। মেয়ের জন্য নিম্নমধ্যবিত্ত পরিবারের মেধাবী এক ছেলেকে গৃহশিক্ষক রাখতে চান প্রভাবশালী বাবা। কিন্তু এ প্রস্তাবে রাজি না হওয়ায় পিটিয়ে ছেলেটিকে শিক্ষা দেওয়ার চেষ্টা করেন তিনি। মোটামুটি এ রকমই এক ঘটনায় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের ছাত্র মইনুল ইসলাম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
গত শুক্রবার সন্ধ্যায় সন্ত্রাসীরা তাঁকে পিটিয়ে গুরুতর জখম করে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী আমজাদ হোসেন ও তাঁর ছেলেকে আটক করেছে পুলিশ।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ডে গতকাল শনিবার গিয়ে দেখা যায়, মইনুলের মাথার কাছে বসে আছে একই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তাঁর ছোট বোন রুমানা খাতুন ও স্কুলপড়ুয়া ভাই রুমন শাহরিয়ার।
ছোট ভাই শাহরিয়ার বলে, তাদের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার বেহবতপুর গ্রামে। আর মাত্র দুটি পরীক্ষা হলেই পড়ালেখা শেষ হতো তার ভাইয়ের। তারা তিন ভাইবোন লেখাপড়ার স্বার্থে কুষ্টিয়ায় থাকে। বোন রুমানা বিশ্ববিদ্যালয়ে, আর সে শহরের একটি বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ে। বোন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীনিবাসে আর সে ভাইয়ের সঙ্গে শহরের জেলখানা মোড়ে এক ছাত্রাবাসে থাকে। মইনুল পড়াশোনার পাশাপাশি প্রতীতি বিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে চাকরি করেন। সেই টাকায় তাদের তিন ভাইবোনের খরচ চলে।
শাহরিয়ারের দাবি, ছাত্রাবাসটির সামনে শাপলা ম্যানশনের বাসিন্দা স্থানীয় বাঁশ ব্যবসায়ী আমজাদের মেয়ে ওই প্রতীতি বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ে। সপ্তাহ খানেক আগে আমজাদ ছাত্রাবাসে এসে তাঁর মেয়েকে প্রাইভেট পড়াতে বলেন। ভাই তাতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ আমজাদ শুক্রবার বিকেলে মইনুলকে শাপলা ম্যানশনে ডেকে নেন। সেখানে সন্ত্রাসীরা পিটিয়ে তার ভাইকে গুরুতর জখম করে। নির্যাতনের একপর্যায়ে তার ভাই অচেতন হয়ে পড়েন। আশপাশের লোকজন ঘটনা টের পেলে আমজাদ মিথ্যা চুরির গল্প সাজিয়ে মইনুলকে পুলিশে দেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক বলেন, মইনুলকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে আনা হয়। আমজাদ ও তাঁর ছেলে সাইফুল ইসলামকে আটক করা হয়েছে।
হাসপাতালের সহকারী পরিচালক আজিজুন নাহার বলেন, ছেলেটির মাথায় ছয়টি সেলাই দেওয়া হয়েছে। চারটি দাঁত ভেঙে গেছে। শরীরে মারাত্মক জখম রয়েছে।
এদিকে আমজাদ সাংবাদিকদের কাছে দাবি করেন, মইনুল তাঁর মেয়েকে বিরক্ত করত। আইনের আশ্রয় না নিয়ে ছেলেটিকে মারধর কেন করা হলো, তার কোনো সদুত্তর তিনি দিতে পারেননি।
মইনুলের বন্ধু নাজমুল হোসেন বলেন, মইনুল অত্যন্ত মেধাবী। হাসপাতালে মইনুলকে দেখতে আসা তাঁর বন্ধুরা নির্যাতনকারীদের কঠোর শাস্তির দাবি করেন।