ডেকে নেওয়ার আট ঘণ্টা পর চালকের লাশ উদ্ধার
বাসা থেকে ডেকে নিয়ে যাওয়ার সাড়ে আট ঘণ্টা পর চট্টগ্রামে এক কাভার্ড ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল সোমবার নগরের আকবর শাহ থানার রেলওয়ে হাউজিং সোসাইটির পাশের পাহাড়ের পাদদেশ থেকে লাশ উদ্ধার করা হয়। সোসাইটির পাশের কলোনিতে থাকতেন শুভ সর্দার (৩০) নামের ওই কাভার্ড ভ্যান চালক। লাশটি বাসার ৩০০ গজ দূরে পাহাড়ের পাদদেশে পড়ে ছিল।
আকবর শাহ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, নিহত শুভর গ্রামের বাড়ি মাদারীপুরে। তিনি রেলওয়ে হাউজিং সোসাইটির পাশের কলোনিতে শ্বশুরবাড়িতে থাকতেন। গত রোববার রাত সাড়ে ১১টার দিকে তাঁকে কে বা কারা তাঁর নাম ধরে ঘরের বাইরে থেকে ডাক দেন। ডাক শুনে তিনি বাসা থেকে বেরিয়ে যান। ঘণ্টা খানেক পরও বাসায় ফিরে না আসায় স্বজনেরা তাঁকে খুঁজতে থাকেন। সকাল আটটার দিকে পাহাড়ের পাদদেশে তাঁর লাশ দেখতে পান স্থানীয় লোকজন।
পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আনোয়ারুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। গলার নিচে কালো দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নিহত শুভর বড় ভাই মো. মাসুম গতকাল বিকেলে হাসপাতাল মর্গের সামনে প্রথম আলোকে বলেন, তাঁর ভাইয়ের সঙ্গে কারও শত্রুতা ছিল না। কারা কী কারণে তাঁকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করেছে, তা তিনি বুঝতে পারছেন না।