ডেমরা সেতুর নিচে বালু-বাণিজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ডেমরায় সুলতানা কামাল সেতুর নিচে চলছে রমরমা বালু–বাণিজ্য l হাসান রাজা
রাজধানীর ডেমরায় সুলতানা কামাল সেতুর নিচে চলছে রমরমা বালু–বাণিজ্য l হাসান রাজা

রাজধানীর ডেমরায় সুলতানা কামাল সেতুর নিচে আবারও রমরমা বালু-বাণিজ্য চলছে। বালু ও শীতলক্ষ্যা নদীর সংযোগস্থলে নির্মিত সেতুর পূর্ব প্রান্তের স্তম্ভগুলো (পিলার) থেকে প্রায় আধা কিলোমিটার এলাকায় নদীর ঢালে রীতিমতো গদিঘর বসিয়ে চলছে এই বাণিজ্য। এতে নদীর গতিপথ এবং সেতুর নিচের এসব অংশে নৌকাসহ জলযান চলাচল ব্যাহত হচ্ছে।
গতকাল রোববার সকালে সরেজমিন ঘুরে বালু-বাণিজ্যের এই রমরমা অবস্থা দেখা গেছে। ২০১০ সালের মাঝামাঝি ৭৯ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে সুলতানা কামাল সেতুর নির্মাণকাজ শেষ হয়। সেতুটির দৈর্ঘ্য ১ হাজার ৭২ মিটার এবং প্রস্থ ১০ মিটার।
বাণিজ্য চলে যেভাবে: অনুসন্ধান এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সেতু নির্মিত হওয়ার অনেক আগে থেকেই ঘাট এলাকায় দখলের রাজত্ব প্রক্রিয়া চালু ছিল। যখন যে দল ক্ষমতায় থাকে তখন তাদের স্থানীয় নেতাদের দখলে চলে যায় ডেমরা ঘাট এলাকা। নদীর তত্ত্বাবধায়ক কর্তৃপক্ষ বাংলাদেশ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তারা বলেন, সেতুর নিচে বর্তমানে ভরাট করা জায়গায় যাঁরা বালুর ব্যবসা চালাচ্ছেন তাঁরা নিজেদের স্থানীয় সাংসদ হাবিবুর রহমান মোল্লার আত্মীয় বলে পরিচয় দেন। তবে সাংসদ তা স্বীকার করেননি। গতকাল রোববার সাংসদ হাবিবুর রহমান মোল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। তবে কয়েক দিন আগে তিনি প্রথম আলোকে বলেছিলেন, ‘নদীর জায়গায় তাঁর কোনো লোক বালুর ব্যবসা করছে না। বালুর ব্যবসা নিয়ে অনিয়ম করলে বা নদীর ক্ষতি করলে তিনি অবশ্যই ব্যবস্থা নেবেন।’
বালুর ব্যবসায় নিয়োজিত কর্মচারীদের বেশির ভাগই মুখ খুলতে রাজি হননি। নাম প্রকাশ করা হবে না—এই শর্তে তিনজন কর্মচারী বলেন, শাহ আলম, মুসা, মাহবুব, শাহীন, জসিম উদ্দিনসহ ক্ষমতাসীন দলের কর্মী পরিচয়দানকারী বেশ কয়েকজন এখানে বালু ব্যবসার সঙ্গে এখন জড়িত। সেতু চালুর প্রায় এক বছর আগে থেকেই তাঁরা ব্যবসা শুরু করেন। গতকাল ঘটনাস্থলে এঁদের কাউকে পাওয়া যায়নি।
বিএনপি-জামাত জোট সরকারের সময়ে এই স্থান ঘিরে চাঁদাবাজি এবং নির্মাণসামগ্রীসহ বিভিন্ন পণ্য বেচাকেনা হতো। ওই সময়ে সেতুটির নির্মাণকাজ শুরু হয়। এসব ব্যবসা নিয়ন্ত্রণ করতেন রাজনৈতিক প্রভাবশালীদের লোকজন। সে সময়ের বিএনপির স্থানীয় সাংসদ সালাহ উদ্দিন আহমেদ এককালীন সাত লাখ টাকায় ঘাট ইজারা দিয়ে এলাকায় বাণিজ্য করার সুযোগ করে দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
বর্তমানে এখানে দিনে-রাতে বালু তোলা-নামানো এবং বেচাকেনা চলছে। অন্তত ১৫টি বালুভর্তি ট্রাক ও বালু ওঠানো-নামানোর জন্য বেসরকারি পে-লোডারও রয়েছে। দুপুর ১২টার দিকে দেখা গেল, সেতুর নিচে আগেই কিছু জায়গা ভরাট করা। মাঝে খালি রেখে নদীতীরের অন্তত ১০০ মিটার দূরে বালু ফেলা হয়েছে। ভেতরে সৃষ্টি হয়েছে পুকুর। দুটি ট্রলার সেতুর গোড়ায় এসে বালু ফেলছে। বাওয়ানী জুটমিলের বিপরীত দিকে রাস্তার পাশে বালু জমা করা হয়েছে। সেই বালু ট্রাকে করে পাঠানো হচ্ছে বিভিন্ন জায়গায়। বালু বিক্রির সাতটি গদিঘরও রয়েছে সেখানে।
সেতুর প্রায় ১০০ মিটার পূর্বে পাকা, আধা পাকা ও টিনের বেশ কয়েকটি দোকানঘর। বেশির ভাগ দোকানের কোনো সাইনবোর্ড বা নাম নেই। যাঁরা বালু ব্যবসার সঙ্গে জড়িত, তাঁদেরই লোকজন এসব দোকান থেকে মাসভিত্তিক চাঁদা তোলেন বলে অভিযোগ পাওয়া যায়। তবে ভয়ে এ বিষয়ে কোনো দোকানি মুখ খোলেননি।
ডেমরা এলাকার ৬৫ বছরের অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বজলুল হোসেন, দেইলা এলাকার তৌফিক আলম, পাইটির জাহিদুল হকসহ স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, সেতু নির্মাণের পর কয়েক বছরে এই নদী দুটির নাব্যতা বজায় রাখতে খননকাজ খুব কমই হয়েছে। এর ওপর নদী ভরাট করে দখলযজ্ঞ চালানো হয়েছে ব্যাপক হারে। সেতু হওয়ার পর তাঁরা আশা করেছিলেন, নদীর জায়গায় যেকোনো ধরনের বাণিজ্য বন্ধ হবে। কিন্তু তা হয়নি। তাঁদের মতে, বালুর ব্যবসা বন্ধ না করলে আগামী সময়ে ইট-পাথরের ব্যবসাও শুরু হবে। তাহলে সেতুটির অস্তিত্বও ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে।
বিআইডব্লিউটিএর বন্দর কর্মকর্তা আরিফ উদ্দিন প্রথম আলোকে বলেন, সেতুর নিচে বালু ব্যবসার বিরুদ্ধে মামলা হয়েছে। এর আগে নদী খননের কাজও করা হয়। তিনি বলেন, কিছুদিনের মধ্যে আবারও উচ্ছেদ অভিযান চালানো হবে। তার আগে নোটিশ দিয়ে সতর্ক করা হবে।