ডেমরায় আ. লীগ নেতার গলাকাটা লাশ উদ্ধার
রাজধানীর ডেমরায় তাঁতীরোডের পুস্কনিরপাড় এলাকা থেকে গলাকাটা ও হাত-পা বাধা অবস্থায় আওয়ামী লীগ নেতা এনামুল হকের (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
নিহত এনামুল হক ডেমরার সারুলিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ডেমরার সানারপার গ্রিন সিটির উত্তর পাশে তাঁতীরোডে একটি ডোবার পাশে নির্মাণাধীন ভবন রয়েছে। সেখানে রাখা বালুর ওপর লাশটি ছিল। লাশটির দুই হাত বাধা ও গলা কাটা অবস্থায় ছিল। লাশের পরনে ছিল লুঙ্গি ও ফুলশার্ট।
প্রত্যক্ষদর্শী কয়েকজন আরও বলেন, ঘটনাস্থলের কাছেই এনামুল হকের বাড়ি। তাঁর বাবার নাম আবদুল মজিদ। এনামুল হকের দুই ছেলে ও এক মেয়ে।
ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) আশীষ কুমার দেব বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে নেওয়া হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত মামলা হয়নি।