ডেমরায় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা
রাজধানীর ডেমরায় এনামুল হক নামের আওয়ামী লীগের এক স্থানীয় নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার এলাকার তাঁতী রোডের পুস্কনির পাড় এলাকা থেকে তাঁর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এনামুল হক ডেমরার সারুলিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে ডেমরার সানারপাড় গ্রিন সিটির উত্তর পাশে তাঁতী রোডে একটি ডোবার পাশে বালুর ওপর এনামুলের লাশ পড়ে ছিল। তাঁর দুই হাত বাধা ও গলা কাটা ছিল। পরনে ছিল ফুলপ্যান্ট, শার্ট ও হাফহাতা সোয়েটার। তাঁর বাবার নাম আবদুল মজিদ। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে নিয়ে সানারপাড় এলাকায় থাকতেন তিনি। রাজনীতি ছাড়াও বৈদেশিক মুদ্রা কেনাবেচার ব্যবসা করতেন এনামুল।
এনামুলের স্ত্রী নাসিমা আক্তার বলেন, শুক্রবার রাত সাড়ে ১১টায় তাঁর স্বামীর সেলফোনে কল এলে তিনি বাইরে চলে যান। পরে তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি।
সারুলিয়ার ৮ নম্বর ইউনিয়নের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজ উদ্দিন বলেন, সারুলিয়া ইউনিয়নের যুবলীগের কয়েক নেতার সঙ্গে কমিটি গঠন নিয়ে এনামুলের বিরোধ ছিল। তবে সেটি বড় সমস্যা ছিল না। গত শুক্রবার রাত আটটা পর্যন্ত এনামুল তাঁর সঙ্গে এলাকায় ছিলেন। এরপর তাঁরা বাড়ি ফিরে যান। গতকাল সকাল ১০টার দিকে হাজিফ উদ্দিন এনামুলকে হত্যার খবর জানতে পারেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রাজনৈতিক মতবিরোধের সূত্র ধরে ঘটনার তদন্ত করছে তারা। ঘটনাস্থল থেকে সিআইডির ক্রাইম সিনের সদস্যরা আলামত সংগ্রহ করেছেন। এ ছাড়া এনামুলের সেলফোনের কল লিস্ট যাচাই করা হচ্ছে।
ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম খান জানান, এই হত্যাকাণ্ডের মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এনামুলের লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।