ডেমরায় কিশোরকে হত্যার অভিযোগ
ডেমরার সারুলিয়ায় জাহিদুল ইসলাম (১৭) নামে এক কিশোরকে তার চাচা ও চাচাতো ভাই হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে জাহিদুলের বাবা আবদুল বারেক অভিযোগ করেন, তাঁর ছোট ভাই সিদ্দিকুর রহমানের মেয়ের সঙ্গে জাহিদুলের প্রেমের সম্পর্ক ছিল। গত সোমবার বিকেলে সিদ্দিকুর তাঁর মেয়েকে দিয়ে ফোনে জাহিদুলকে ডেমরায় ডেকে আনান। এরপর সিদ্দিকুর ও তাঁর ছেলে সোলায়মান মিলে জাহিদুলকে মারধর করেন। সোমবার রাত সাড়ে আটটার দিকে সিদ্দিকুর মুঠোফোনে বারেককে জানান জাহিদুল অসুস্থ। খবর পেয়ে বারেক ডেমরার সারুলিয়ায় সিদ্দিকুরের বাড়িতে আসেন এবং জাহিদুলকে অচেতন অবস্থায় পান। এরপর রাতেই স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসার জন্য নিয়ে যান। গতকাল দুপুরে জাহিদুলের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জাহিদুল ভাটারায় একটি হার্ডওয়্যারের দোকানে কাজ করত। পরিবারসহ সে ভাটারার শাহজাদপুরে থাকত। জানতে চাইলে ডেমরা থানার ওসি কাউসার আহমেদ বলেন, ‘অভিযোগ পেয়েছি।’