ডেমরায় ধারালো অস্ত্রের আঘাতে শিশুকে হত্যা
রাজধানীর ডেমরার আমুলিয়ায় অজ্ঞাতপরিচয় এক শিশুকে ধারালো অস্ত্রের আঘাতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দুপুরে পুলিশ তাঁর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে।
ডেমরা থানার পুলিশ জানায়, দুপুরে পুলিশ ডেমরার আমুলিয়া মডেল টাউনের একটি খালি প্লটে জঙ্গলের ভেতর থেকে শিশুর লাশটি উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। তার বয়স আনুমানিক ১০ বছর। পরনে ছিল জিনসের প্যান্ট ও সাদা গেঞ্জি। তার গলা, বুক, পিঠ ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কাওছার হোসেন বলেন, ধারণা করা হচ্ছে কোথাও থেকে ধরে এনে শুক্রবার রাতে শিশুটিকে হত্যা করা হয়।
শিশুটির পরিচয় উদ্ঘাটনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সব থানায় বেতার বার্তা দেওয়া হয়েছে। শিশুটির পরিচয় পাওয়া গেলে হত্যাকারীদের শনাক্ত করা যাবে।