ডেমরায় পুকুরে লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেমরার একটি পুকুর থেকে গতকাল বুধবার দুপুরে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সন্ধ্যা পর্যন্ত যুবকের পরিচয় পাওয়া যায়নি। পুলিশের ধারণা ওই যুবককে হত্যা করে পানিতে ফেলা হয়েছে।
পুলিশ জানিয়েছে, দুপুরে রাজধানী ফিলিং স্টেশনের পাশের একটি পুকুরে লাশটি পাওয়া যায়। লাশের গলায় রশি পেঁচানো ছিল। ডান গালে ছিল আঘাতের চিহ্ন। তাঁর পরনে থ্রি-কোয়ার্টার প্যান্ট ও কালো ফুল হাতা গেঞ্জি ও ডান হাতের অনামিকায় আংটি ছিল। যুবকের আনুমানিক বয়স ৩০ বছর।
ডেমরা থানার এসআই মামুন হাওলাদার লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
গৃহবধূর মৃত্যু: এদিকে বাড্ডার আদর্শনগর এলাকায় রিয়া মনি (২০) নামে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল বিকেলে রিয়ার শ্বশুরবাড়ির লোকজন তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক রিয়াকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজন দাবি করেছেন, বিকেলে তাঁদের গুলশানের ডিএনসিসি মার্কেটের অগ্নিকাণ্ড দেখতে যাওয়ার কথা ছিল। পাঁচটার দিকে রিয়াকে ডাকতে গিয়ে দেখা যায় তিনি ঘরের ফ্যানের সঙ্গে ঝুলছেন। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রিয়ার স্বামীর নাম নাসির হোসেন। স্থানীয় একটি দোকানে তিনি চাকরি করেন। আদর্শনগরের একটি টিনশেড বাসায় তাঁরা থাকেন।
জানতে চাইলে বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম গত রাত নয়টায় বলেন, ‘হাসপাতালে একজন মারা গেছেন বলে শুনেছি। বিস্তারিত জানার জন্য হাসপাতালে যাচ্ছি।’