ডেমরায় বিস্ফোরকসহ পাঁচ জঙ্গি গ্রেপ্তার
রাজধানীর ডেমরা এলাকা থেকে গতকাল রোববার রাতে সন্দেহভাজন পাঁচ জঙ্গিকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব জানিয়েছে, এদের মধ্যে একজন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ময়মনসিংহ জেলা আমির। বাকি চারজন এই জঙ্গি সংগঠনের সদস্য। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
র্যাব জানিয়েছে, রাজধানীতে বড় ধরনের নাশকতা সৃষ্টি করার লক্ষ্যে বেশ কিছু জঙ্গি সদস্য ডেমরায় অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে র্যাব-১০-এর একটি দল রাত নয়টার দিকে ডেমরার মাতুয়াইলের কাঠেরপুলে অভিযান চালায়। অভিযানে জেএমবির ময়মনসিংহ জেলা আমির হুযাইফা আকন্দ (২৫) এবং সংগঠনটির সক্রিয় সদস্য ইয়াছিন আলী (৩১), মামুনুর রশিদ (২৩), আবুল হাশেম ওরফে হাশেম সওদাগর ওরফে তোফাজ্জল হোসেন (৩২) ও সফিউল ইসলামকে (৩০) গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ওয়াটার জেল, পাওয়ার জেল, ইলেকট্রিক সার্কিট, পাইপ ব্যান্ড, ডেটোনেটর, ইলেকট্রিক তার এবং বিপুল পরিমাণ ধর্মীয় বই ও প্রচারপত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের বরাত দিয়ে র্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হুযাইফা আকন্দ ২০০৬ সালে হিযবুত তাহ্রীরের সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেন। পরে ওই সংগঠনের সদস্যদের সঙ্গে মতাদর্শের মিল না হওয়ায় সেখান থেকে বের হয়ে আসেন। নতুন করে জঙ্গি কর্মকাণ্ডের জন্য সদস্য সংগ্রহ শুরু করেন। কিন্তু হিযবুত তাহ্রীরের সঙ্গে তার যোগাযোগ ছিল।
র্যাব জানায়, গ্রেপ্তার ইয়াছিন আলী পোশাক কারখানায় কাজ করার পাশাপাশি বিভিন্ন দৈনিক ও মাসিক পত্রিকা বিক্রি করত। আর গোপনে জিহাদি বই বিলি করত। তিন বছর আগে তার সঙ্গে হুযাইফা ও ইয়াছিনের পরিচয় হয়।