ডেমরায় হত্যা করে বিকাশের টাকা ছিনতাইয়ের মূল হোতাসহ ৬ জন গ্রেপ্তার

রাজধানীর ডেমরায় হত্যার পর বিকাশের এজেন্টের ৭২ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় মূল হোতাসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা পূর্ব বিভাগ। এ সময় পুলিশ হত্যা ও ছিনতাইকালে ব্যবহৃত মোটরসাইকেল ও অস্ত্র-গুলি উদ্ধার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. আব্দুল জব্বার মিয়া, মো. সফিউল্লাহ বাপ্পি, বাবুল মিয়া, মো. কামরুল হাসান, মো. কাউসার ও মো. জামাল। দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আবদুল বাতেন এসব তথ্য জানান।
আব্দুল বাতেন বলেন, গ্রেপ্তারের সময় আব্দুল জব্বার মিয়ার কাছে হত্যায় ব্যবহৃত ১টি পিস্তল ও ১ রাউন্ড গুলি এবং অন্যদের কাছে ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল ও ছিনতাইকৃত ১ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়।
গত ১০ জুন বিকাশের এজেন্ট রাশেদ হোসেন টাকা সংগ্রহ করে যাওয়ার পথে দুপুর পৌনে ১২টার দিকে ডেমরার পূর্ব বক্সনগরের এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে তাঁর পথরোধ করে। পরে তাঁকে গুলি করে হত্যার পর তাঁর কাছে থাকা ৭২ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
আব্দুল বাতেন বলেন, ঘটনার মূল হোতা আব্দুল জব্বার মিয়াকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা এলাকা থেকে আটক করা হয়। তাঁর স্বীকারোক্তি ও তথ্য অনুসারে হত্যায় ব্যবহৃত পিস্তল উদ্ধার এবং তাঁর সহযোগী জামালকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।