ডেমু ট্রেনে বিনা টিকিটের যাত্রী বেশি, গচ্চা রেলের
দিনাজপুরের পার্বতীপুর জংশন থেকে ঠাকুরগাঁও ও লালমনিরহাটমুখী দুটি ডেমু ট্রেন দিনে দুবার চলছে। তবে ওই ট্রেনের বেশির ভাগ যাত্রী বিনা টিকিটের। এতে লাখ লাখ টাকা গচ্চা দিচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ।
পার্বতীপুর রেলস্টেশনের বুকিং অফিস সূত্র জানায়, পার্বতীপুর-লালমনিরহাট-ঠাকুরগাঁও রুটে ১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত দেড় হাজার যাত্রী পরিবহন করা হয়েছে। টিকিট বিক্রি থেকে নিট আয় হয়েছে প্রায় ১৬ হাজার টাকা।
স্টেশনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত ১৫ দিনে যে পরিমাণ যাত্রী পরিবহন হয়েছে, তা থেকে কমপক্ষে দেড় কোটি টাকা আয় হতো রেলের। তিনি অভিযোগ করেন, একশ্রেণির অসাধু কর্মচারী ওই ট্রেনের যাত্রীদের টিকিট কাটতে নিরুৎসাহিত করছেন। কর্মচারীরা যাত্রীদের কাছ থেকে নগদ টাকা নিয়ে যাতায়াতের সুযোগ করে দিচ্ছেন। ওই টাকা আত্মসাৎ করা হচ্ছে বলে জানান তিনি।
স্টেশনমাস্টার আবদুল জব্বার বলেন, ‘লোকবলসংকটের কারণেই ডেমু ট্রেনে টিকিট পরীক্ষক (টিটিই) দেওয়া যায়নি। কোনো কোনো স্টেশনে মাস্টাররাই অতিরিক্ত দায়িত্ব হিসেবে টিকিট নিরীক্ষা (চেক) করছেন। এই অবস্থায় সুযোগসন্ধানী যাত্রীরা বিনা মাশুলে ভ্রমণের সুযোগ নিলে আমরা কী করতে পারি?’
রেলওয়ের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা হাবিবুর রহমানের সঙ্গে মুঠোফোনে এ নিয়ে কথা বলতে চাইলে তিনি কিছু বলতে চাননি।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) আবদুল আওয়াল ভূঁইয়া প্রথম আলোকে বলেন, অল্প দিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে।
বিনা টিকিটে ভ্রমণ প্রসঙ্গে তিনি জানান, এ-সংক্রান্ত বিষয়ে করণীয় নিয়ে স্টেশনমাস্টারদের নির্দেশ দেওয়া হয়েছে। ট্রেনে ট্রেনে বিশেষ চেকিংয়ের ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি।