ডেসটিনির বিরুদ্ধে মামলা করবে সমবায় অধিদপ্তর
অর্থ আত্মসাতের অভিযোগে অবশেষে ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে সমবায় অধিদপ্তর।
দুই দফা তদন্ত করে ডেসটিনি কো-অপারেটিভে ১ হাজার ৪৪৮ কোটি ৭৮ লাখ ৭৩ হাজার ৯৫২ টাকার অনিয়মের প্রমাণ পায় সমবায় অধিদপ্তর। কিন্তু আইনের দুর্বলতার কারণে এত দিন অনিয়মের সঙ্গে জড়িত ডেসটিনির দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছিল না স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন এ সংস্থাটি। এ নিয়ে করণীয় জানতে অধিদপ্তর আইন মন্ত্রণালয়ের মতামত চায়। আইন মন্ত্রণালয় সম্প্রতি জানিয়ে দিয়েছে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করতে পারবেন সমবায় অধিদপ্তরের নিবন্ধক। এর পরিপ্রেক্ষিতেই মামলা করার দিকে এগোচ্ছে অধিদপ্তর।
জানতে চাইলে সমবায় অধিদপ্তরের নিবন্ধক মফিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ডেসটিনি নিয়ে যেহেতু একাধিক মামলা চলছে তাই আমরা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছিলাম। আইন মন্ত্রণালয় মামলা করতে বলেছে। তাই আমরা আমাদের মন্ত্রণালয়ের পরামর্শক্রমে আত্মসাৎ করা অর্থ আদায়ে ডেসটিনি কো-অপারেটিভের দোষী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করব।’
ডেসটিনি কো-অপারেটিভে দেড় হাজার কোটি টাকার অনিয়ম
ডেসটিনি কো-অপারেটিভের অনিয়ম তদন্তে সমবায় মন্ত্রণালয়ের নির্দেশে ২০১২ সালের ৪ এপ্রিল সমবায় অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক অমিয় কুমার চট্টোপাধ্যায়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটি ডেসটিনি কো-অপারেটিভে ১ হাজার ৪৪৮ কোটি ৭৮ লাখ ৭৩ হাজার ৯৫২ টাকার অনিয়ম খুঁজে পায়। ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনসহ ১৪ জন এ অনিয়মের সঙ্গে জড়িত। সমবায় অধিদপ্তরের নিবন্ধকের অনুমোদন না নিয়ে সমিতির সদস্যদের কাছ থেকে সংগ্রহ করা অর্থ ডেসটিনি ২০০০ লিমিটেডের অন্য প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগ, অনুমোদনহীনভাবে অলাভজনক প্রতিষ্ঠানে ঋণ বিতরণ ও সেসব প্রতিষ্ঠানের শেয়ার কেনা, সম্পদের মূল্য বেশি দেখানো, বাজেটবহির্ভূত এবং অনুমোদনহীন বিভিন্ন ব্যয়ের মাধ্যমে এসব অনিয়ম করা হয়। ২০০৫ থেকে ২০১২ সালের মার্চ পর্যন্ত সাত বছরে এসব অনিয়ম হয়।
পরে ২০১২ সালের ১৬ অক্টোবর অধিকতর তদন্তের জন্য (৮৩ ধারায়) অধিদপ্তরের আরেক অতিরিক্ত নিবন্ধক মো. সাইদুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়। তিনি ১৩ ব্যক্তি অনিয়মে জড়িত উল্লেখ করে চূড়ান্ত দায় নির্ধারণ করেন।
এরপরই অনিয়মের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছ থেকে টাকা আদায়ের প্রক্রিয়া শুরু করে অধিদপ্তর। এর অংশ হিসেবে আত্মসাৎ করা টাকা সমিতির তহবিলে ফেরত দিতে ওই ১৩ ব্যক্তিকে দুই দফায় চিঠি দেয় অধিদপ্তর। কিন্তু কেউই অর্থ পরিশোধ করেননি।
২০১৩ সালের সংশোধিত সমবায় সমিতি আইনে অনিয়ম করা অর্থ পরিশোধ না করলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে সাত বছরের কারাদণ্ড কিংবা আত্মসাৎ করা অর্থ বা সম্পদের মূল্যের দ্বিগুণ অর্থদণ্ডে কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।
তবে কারাদণ্ডের বিধান রাখা হলেও কীভাবে, কোন ধারায় মামলা করা হবে সে বিষয়ে আইনে স্পষ্ট কিছু বলা নেই। সে কারণে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চেয়ে গত বছরের ফেব্রুয়ারি মাসে চিঠি দেয় সমবায় অধিদপ্তর। এরই জবাবই আইন মন্ত্রণালয় পাঠিয়েছে এক বছরের বেশি সময় পর, গত ২০ এপ্রিল। অবশ্য অধিদপ্তরে তা পৌঁছে ১২ মে।
আইন মন্ত্রণালয় বলেছে, দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন-২০০৪ অনুযায়ী আসামিদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের জন্য দুদকে অভিযোগ দায়ের করতে পারবেন সমবায় অধিদপ্তরের নিবন্ধক। কিংবা সংশ্লিষ্ট থানায় অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাহার নিতে রাজি না হলে তার কারণ উল্লেখ করে সংশ্লিষ্ট বিশেষ আদালতে মামলা করতে পারবেন নিবন্ধক।
অধিদপ্তরের নিবন্ধক মফিজুল ইসলাম জানান, মামলা করার বিষয় নিয়ে কাজ চলছে। আইন মন্ত্রণালয়ের মতামত ইতিমধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে জানানো হয়েছে। মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী মামলার দিকে তাঁরা এগোবেন।
ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনসহ কয়েকজন শীর্ষ ব্যক্তি এখন কারাগারে। তাঁদের অবর্তমানে বেশ কিছুদিন ধরেই গ্রুপের কার্যক্রম পরিচালনা করছেন গ্রুপের কোম্পানি সচিব মিজানুর রহমান। যোগাযোগ করা হলে তাঁর দুটো মুঠোফোনই বন্ধ পাওয়া যায়।