ডোবায় তরুণীর লাশ, আটক ২
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক তরুণীর (১৮) লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার চর কাঁকড়া ইউনিয়নের রইন্যারটেক এলাকার একটি ডোবা থেকে ওই লাশ উদ্ধার করা হয়। পুলিশ এ ঘটনায় দুই তরুণকে আটক করেছে।
আটক দুই তরুণ হলেন: কামরুল ইসলাম (১৯) ও রফিকুল ইসলাম (১৯)। কামরুল চর কাঁকড়ার বাসিন্দা, রফিকুলের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়ায়।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন আটক কামরুল ও রফিকুল। তাঁরা জানিয়েছেন, ওই তরুণীর নাম শারমিন আক্তার (১৮)। ধর্ষণের পর মেয়েটিকে হত্যা করা হয়েছে কিনা—তা পরীক্ষা করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হবে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ফজলে রাব্বী বলেন, আজ বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় লোকজনের দেওয়া তথ্যের ভিত্তিতে রইন্যারটেক এলাকার একটি ডোবা থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়। লাশের গলায় কালো দাগ দেখা গেছে।
ওসি বলেন, লাশের বিষয়টি পুলিশ জানার আগেই গত বৃহস্পতিবার গভীর রাতে ওই ডোবা-সংলগ্ন এলাকা থেকে কামরুল ও রফিকুলকে আটক করা হয়। তাঁরা সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন এবং জিজ্ঞাসাবাদে তাঁরা অসংলগ্ন কথা বলেন। পরে আজ লাশ উদ্ধারের পর তাঁদের এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে রফিকুল জানান, ওই তরুণীর নাম শারমিন আক্তার। তাঁরা দুজন পূর্ব পরিচিত। শারমিন বিভিন্ন সময় রফিকুলের বাবাকে ফোন করে রফিকুল তাঁকে বিয়ে করেছেন জানিয়ে নানা কথা বলতেন। এ কারণে রফিকুল শারমিনের ওপর বিরক্ত ছিলেন। শারমিনকে নিয়ে রফিকুল ও তাঁর বন্ধু কামরুল গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম থেকে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে আসেন। সেখান থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে রাত দেড়টার দিকে তাঁরা চরকাঁকড়ায় যান। এরপর তাঁরা দুজন মিলে শারমিনকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ডোবায় ফেলে দেন।
ওসি আরও জানান, শারমিনের বাড়ি পাশের কবিরহাট উপজেলার কালামুন্সীরহাট এলাকায় এবং তিনি চট্টগ্রামে থাকতেন বলে তাঁরা জানতে পেরেছেন। তাঁর পুরো পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে। আজ শনিবার লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। লাশ ময়নাতদন্তের পাশাপাশি মেয়েটিকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছিল কিনা—তা পরীক্ষা করে দেখার অনুরোধ জানানো হবে।