নীলফামারীর ডোমার উপজেলায় ও কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে হতদরিদ্র ব্যক্তিদের মধ্যে ১০ টাকা কেজিতে ন্যায্যমূল্যের চাল বিক্রির কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। ধনী, দলীয় নেতা ও চাকরিজীবীরাও পেয়েছেন কার্ড।
ডোমারের হরিণচড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের কয়েকজন হতদরিদ্র বলেন, ‘আমাদের কার্ড না দিয়ে সচ্ছল ব্যক্তিদের মাঝে বিতরণ করা হয়েছে।’
শালমারা গ্রামের নরেশ চন্দ্র রায়ের পাকা বাড়ি। রয়েছে গুদামঘর। বাড়ির সামনে মোটরসাইকেল রাখা। নরেশের ছেলে বনমালীর নামেও ১০ টাকা কেজি দরের চালের কার্ড রয়েছে। জানতে চাইলে নরেেশর স্ত্রী প্রমিলা রানী রায় বলেন, তাঁদের ১০ থেকে ১২ বিঘা জমি আছে। ছেলে বনমালী ব্যবসা করেন। বনমালী বলেন, ‘আমি ধান, পাট ও তামাকের ব্যবসা করি। পাশাপাশি ওয়ার্ড যুবলীগের সদস্য। দলীয়ভাবে আমাকে ওই কার্ড দেওয়া হয়েছে। আমি প্রথমে বুঝতে পারিনি। এখন বুঝতে পেরেছি কার্ডটি নেওয়া ঠিক হয়নি।’
নীলাহাটি বাজারের পশ্চিমে একটি বড় ধান-চালের কলের চাতাল। এর মালিক রশীদুল ইসলাম। তিনিও ন্যায্যমূল্যের চাল কেনার কার্ড পেয়েছেন। রশীদুল বলেন, ‘আমার দুইটা বাড়ি, মিল, চাতাল সব আছে। আমি নিজে ও রকম ২৫-৩০ কেজি চাল গরিব মানুষের মাঝে বিলি করি। আমাকে কেন ওই কার্ড দেওয়া হয়েছে, আমি জানি না।’
স্থানীয় কয়েকজন অভিযোগ করে বলেন, ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক সত্যেন্দ্রনাথ রায় তাঁর নিজের নামে, স্ত্রী পুষ্প রানী ও বাবা সুরেন্দ্রনাথ রায়ের নামে কার্ড নিয়েছেন। বাড়িতে গিয়ে সত্যেন্দ্রনাথকে পাওয়া যায়নি। তবে তাঁর বাবা সুরেন্দ্রনাথ রায় বলেন, ‘আমার ছয় থেকে সাত বিঘা জমি আছে। আমার নামে একটা কার্ড হয়েছে। ছেলে ও বউমার বিষয়ে কিছু বলতে পারব না।’
৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য খগেন্দ্রনাথ রায় বলেন, ‘অনেক গরিব মানুষ কার্ড পাননি। আবার সচ্ছল অনেকের নামে কার্ড এসেছে।’
হরিণচড়া ইউপির চেয়ারম্যান আজিজুল ইসলাম বলেন, ১ হাজার ৩২০টি কার্ড দেওয়া হয়েছে। বিভিন্ন ওয়ার্ডে তালিকা প্রণয়নে কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে। সংশোধনের জন্য খাদ্য বিভাগকে বলা হয়েছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মৃতঞ্জয় রায় বর্মণ বলেন, উপজেলার ১০টি ইউপিতে ১৬ হাজার ৩৩৪টি কার্ড বিতরণ করা হয়েছে। নতুন করে আরও ২ হাজার ৩৫১টি কার্ড এসেছে। বিভিন্ন ইউপিতে কিছু অনিয়মের কথা শোনা যাচ্ছে। অভিযোগ পেলে এসব কার্ড বাতিল করা হবে।
এদিকে ভূরুঙ্গামারীর চর-ভূরুঙ্গামারী ও পাইকেরছড়া ইউিপতে একই পরিবারের একাধিক ব্যক্তির নাম, সরকারি চাকরিজীবী ও ধনি ব্যক্তিদের নামে কার্ড বিতরণ করা হয়েছে। বিত্তবানদের কার্ডের চাল বিক্রি করা হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, চর-ভূরুঙ্গামারী ইউপির ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে হতদরিদ্র ব্যক্তিদের মধ্যে চাল বিতরণের জন্য ৫৩৭টি কার্ড দেওয়া হয়েছে। এর মধ্যে ৩৭ জন ধনী ব্যক্তি রয়েছেন। চাকরিজীবী আছেন তিনজন। পাইকেরছড়া ইউপির ৮ নম্বর ওয়ার্ডের ২০ জন কার্ডধারী সচ্ছল।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তিরা গত মঙ্গলবার ইউএনও কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। চর-ভূরুঙ্গামারী ইউপির চেয়ারম্যান ফজলুল হক বলেন, তালিকা প্রণয়ন করেছেন ইউপি সদস্যরা। তবে কিছু অনিয়মের ঘটনা ঘটেছে। সেগুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। পাইকেরছড়া ইউপির চেয়ারম্যান আবদুর রাজ্জাক বলেন, তালিকা প্রণয়নে কিছু অনিয়ম হতে পারে। বিষয়টি দেখা হবে।
ইউএনও আজাহারুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’