ডোমারে অপহৃত ব্যবসায়ী উদ্ধার ছয়জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার উপজেলায় দিনাজপুর থেকে অপহৃত ভুট্টা ব্যবসায়ী গোলাম রব্বানীকে (৪০) উদ্ধার করা হয়েছে। দিনাজপুর সিআইডি পুলিশ ডোমারের বোড়াগাড়ি ইউনিয়নের বাগডোকরা গ্রাম থেকে গতকাল রোববার তাঁকে উদ্ধার করে। এ সময় অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ব্যাপারে দিনাজপুর সিআইডির জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন মিয়া বলেন, গত শুক্রবার সকালে দিনাজপুরের কাহারোলের ঈশ্বর গ্রামের ভুট্টা ব্যবসায়ী রব্বানীকে সদরের রামসাগর এলাকা থেকে অপহরণ করা হয়। পরে তাঁর পরিবারের কাছে সাত লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। এ ঘটনায় দিনাজপুর থানায় গত শনিবার একটি মামলা হলে মামলাটি পুলিশ সিআইডিতে হস্তান্তর করে। গতকাল ভোরে বাগডোকরা গ্রামে অভিযান চালিয়ে ব্যবসায়ী রব্বানীকে উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িত ছয় অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া অপহরণকারীরা হলেন বাগডোকড়া গ্রামের সাবু মিয়া (৩২), মঞ্জুরুল ইসলাম (৩৫), রবিউল ইসলাম (৩০), নুরুল ইসলাম (২৮), বেলাল হোসেন (২৮) ও দিনাজপুরের রুস্তম আলী (৫০)।
বাগডোকরা গ্রাম থেকে ওই ব্যবসায়ীকে উদ্ধার ও ছয়জনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন।