ডোমারে আ.লীগ-ছাত্রলীগ ধাওয়া-পাল্টাধাওয়া
নীলফামারীর ডোমার উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক সভায় গত রোববার বিকেলে ছাত্রলীগের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। ঐতিহাসিক ছয় দফা দিবস পালন উপলক্ষে আয়োজিত এ সভায় এক ব্যক্তির ইজারা নেওয়া জমি দখল করে দলীয় কার্যালয় স্থাপনের প্রস্তাবকে কেন্দ্র করে এই ধাওয়া-পাল্টাধাওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেলে শহরের ডাকবাংলা মাঠে উপজেলা আওয়ামী লীগের সভা চলাকালে কয়েকজন নেতা শহরের একটি অর্পিত জমি দখলের পক্ষে বক্তব্য দেন। উপজেলা শ্রমিক লীগের নেতা ওয়াদুদ ইসলাম ওই জমি দখলের পক্ষে সমর্থন চান। তখন সভায় উপস্থিত ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রতিবাদ জানালে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি ওয়াসিফ আহম্মেদ বলেন, ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে রোববার বিকেলে ওই আলোচনা সভা ডাকে উপজেলা আওয়ামী লীগ। সেখানে দলের অন্য অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের আমন্ত্রণ জানানো হলেও ছাত্রলীগের নেতা-কর্মীদের বলা হয়নি। এরপরও মাইকে প্রচার শুনে আমিসহ ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী সভায় যোগ দিই।’
ছাত্রলীগের নেতা আরও বলেন, ‘সভায় ডোমার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়নূল ইসলামসহ কয়েক জন একটি অর্পিত সম্পত্তি দখলের পক্ষে বক্তব্য দিয়ে উপস্থিত সবার সমর্থন চান। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রতিবাদ জানালে তাঁরা আমাদের দিকে চেয়ার ছুড়ে মারেন। এ অবস্থায় সভা পণ্ড হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ বলেন, ‘ওই আলোচনা সভার অন্যতম একটি এজেন্ডা ছিল উপজেলা আওয়ামী লীগের কার্যালয় স্থাপন। এর পরিপ্রেক্ষিতে একজন বক্তা শহরের সীতারাম তৌদির ছেড়ে দেওয়া অর্পিত সম্পত্তিতে কার্যালয়টি নির্মাণের প্রস্তাব করেন। এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি তাঁর দলবল নিয়ে সভায় হামলা চালান। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’
খোঁজ নিয়ে জানা যায়, সীতারাম তৌদি ইজারা নেওয়া ওই জমি সম্প্রতি ছেড়ে দিলে গত ২৫ মে তা ইজারা নেন উপজেলার পশ্চিম বোড়াগাড়ী গ্রামের মশিয়ার রহমান, সফিয়ার রহমান, শহিদুল হক ও ছোট রাউতা গ্রামের অমূল্য রায়, মহিউদ্দিন আহমেদ।
অন্যের ইজারা নেওয়া জমিতে কেন কার্যালয় নির্মাণের প্রস্তাব করা হলো—এমন প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, বক্তব্য দেওয়ার সময় কেউ প্রস্তাব দিলে সেই মুহূর্তে তো তাঁকে থামানো যায় না। তিনি আরও বলেন, ‘তবে আমরা দেখেছি, ২৮ মে পর্যন্ত সীতারাম সেখানে ব্যবসা করছেন। ২৯ মে তাঁরা কীভাবে ওই একই জমি ইজারা নিয়ে সেখানে দোকান খুলে বসেন?’
উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগ দুই পক্ষই পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের কথা জানালেও ডোমার থানার ওসি মোয়াজ্জেম হোসেন তা অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘সেখানে কোনো পুলিশ যায়নি। তবে শুনেছি, তাঁদের নিজেদের মধ্যে সমস্যা হয়েছিল। আবার নিজেরাই ঠিক করে ফেলেছেন।’