ডোমারে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা
নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের বেতগাড়া গ্রামে গত রোববার রাতে আবদুল মোত্তালেব (৪৮) নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আবদুল মোত্তালেব বেতগাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
নিহত ব্যক্তির পারিবার সূত্র জানায়, রোববার রাত নয়টার দিকে বাড়ির পাশের মসজিদে নামাজ পড়ে করে বাড়ি ফিরছিলেন মোত্তালেব। এ সময় ১০-১৫ জন দুষ্কৃতকারী তাঁর পথরোধ করে। এরপর তাঁকে জোর করে বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ছিটমহলে নিয়ে যায়। সেখানে তাঁকে গলা কেটে হত্যা করা হয়। খবর পেয়ে বাড়ির লোকজন গিয়ে রাতেই তাঁর লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন। পরে থানায় খবর দিলে গতকাল সোমবার সকালে ডোমার থানার পুলিশ লাশ উদ্ধার করে।
নিহত ব্যক্তির ছেলে আবু বক্কর (২৫) অভিযোগ করেন, ‘ছিটমহলে আমাদের কিছু জমি নিয়ে একটি চক্রের সঙ্গে বিরোধ আছে। ওই বিরোধের জের ধরে ২০১২ সালে আমার চাচার পালিত ছেলে বুলেটকে এবং ২০১৩ সালে চাচা সানোয়ারকে একই কায়দায় হত্যা করে ওই চক্রটি। আমার ধারণা, তারাই আমার বাবাকে হত্যা করেছে।’ এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।