ডোমারে চুরি করে ধরা পড়লেন ইউপি সদস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নির্বাচিত হলে চুরি করা ছেড়ে দেবেন, এমন অঙ্গীকারে ভোট প্রার্থনা করে নির্বাচিত হয়েছেন আবদুস সালাম। তিনি বর্তমানে নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য। কিন্তু গত সোমবার রাতে তিনি উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের নয়ানি বাগডোকরা গ্রামে একটি রিকশাভ্যান চুরির সময় ধরা পড়েন।
বোড়াগাড়ি ইউপির চেয়ারম্যান তোফায়েল আহমেদের মাধ্যমে গতকাল মঙ্গলবার সকালে সালামকে পুলিশে সোপর্দ করা হয়।
ব্যাটারিচালিত ওই রিকশাভ্যানের মালিক মেঘনাথ রায় বলেন, ‘চুরির ভয়ে আমি বাড়িতে রাখা রিকশাভ্যানে শুয়ে রাত কাটাই। সোমবার মধ্যরাতে আমাকেসহ রিকশাভ্যানটি টেনে নিয়ে যেতে শুরু করা হয়। এ সময় টর্চলাইট জ্বালিয়ে একজন মানুষ দেখতে পাই। আমার চিৎকারে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে একটি হলুদখেতে লুকানো অবস্থায় সালামকে ধরে ফেলেন। পরে জানতে পারি তিনি জোড়াবাড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সালাম। তিনি ওই ইউনিয়নের জোড়াবাড়ি দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা। এর আগেও তাঁর বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ রয়েছে।’
জোড়াবাড়ি দক্ষিণপাড়া গ্রামের ব্যবসায়ী তুষার সিদ্দিকী বলেন, ‘এলাকায় একাধিক চুরির অভিযোগ রয়েছে সালামের বিরুদ্ধে। ইউপি নির্বাচনের আগে সে ভালো হওয়ার অঙ্গীকার করে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করলে ভোটাররা তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করেন। কিন্তু তাঁর স্বভাবের কোনো পরিবর্তন হলো না।’
বোড়াগাড়ি ইউপির চেয়ারম্যান বলেন, ‘চুরির সময় এলাকাবাসী তাকে হাতেনাতে ধরে ফেলেন। সে ইউপি সদস্য হওয়ার আগেও চুরি করত, সদস্য নির্বাচিত হলে আর চুরি করবে না, এমন প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়েছে। মঙ্গলবার সকালে এলাকাবাসী তাকে ইউনিয়ন পরিষদে নিয়ে এলে আমি থানা-পুলিশে সোপর্দ করি।’
ডোমার থানার উপপরিদর্শক (এসআই) ফজলুল হক বলেন, এ ঘটনায় পাঁচজনকে আসািম করে ভ্যানমালিক মেঘনাথ রায় একটি মামলা করেছেন। সালামসহ মামলার আরেক আসািম জোড়াবাড়ি দক্ষিণপাড়া গ্রামের মো. রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে চোরাই মালামালও জব্দ করা হয়েছে।