ডোমারে হাট ইজারায় অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমারে সর্বোচ্চ দরদাতার দরপত্র বাতিল করে নিচের দরদাতাকে হাট ইজারা দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। দুটি হাটের দরদাতা তাঁদের দরপত্র পুনঃমূল্যায়নের জন্য জেলা প্রশাসক বরাবরে আবেদন করেছেন।
আবেদনকারীরা হলেন আমবাড়ি হাটের দরদাতা মো. বাবলু ও বোড়াগাড়ি হাটের দরদাতা আলমগীর বাদশা। জানা গেছে, আলমগীর ৩৩ লাখ ৫১ হাজার ১০১ টাকায় সর্বোচ্চ দরদাতা হয়েছিলেন। তিনি ব্যাংক ড্রাফট বা পে অর্ডার না দিয়ে জনতা ব্যাংকের সিকিউরিটি ডিপোজিট রশিদ (এসডিআর) দেওয়ার কারণে তাঁর দরপত্র বাতিল করে সাইদার রহমানকে ১৫ লাখ ৭৫ হাজার ৫০১ টাকায় বোড়াগাড়ি হাট ইজারা দেওয়া হয়।
আলমগীর বলেন, ‘নিয়ম অনুয়ায়ী দরপত্রের জামানত বাবদ জনতা ব্যাংক ডোমার শাখার ২৬৩৮০৩৮ থেকে ২৬৩৮০৫২ পর্যন্ত ছয়টি এসডিআর দিই। দরপত্র খোলার দিনে আমার দরপত্র বাতিল না করলেও ইউএনও মো. শফিউর রহমান সময়ক্ষেপণ করে অনিয়মের মাধ্যমে আমার দরপত্র বাতিল করে এর অর্ধেকেরও কম মূল্যে ওই হাট অন্যজনকে দিয়েছেন।’
এ ব্যাপারে ইউএনও বলেন, ‘সর্বোচ্চ দরদাতা যোগ্য না হলে তিনি পাবেন না। আমরা দরপত্রের সঙ্গে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার চেয়েছি। আলমগীর বাদশা এসডিআর দিয়েছেন। এ কারণে তাঁর দরপত্র বাতিল করা হয়েছে। আর আমবাড়ি হাটের সর্বোচ্চ দরদাতা মো. বাবলুর ব্যাংক ড্রাফটসহ কয়েকটি সমস্যা আছে।’ তিনি আরও বলেন, ‘তাঁরা দুজনই তাঁদের দরপত্র পুনঃমূল্যায়নের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন। কাল (আজ বৃহস্পতিবার) আলমগীর বাদশার আবেদনের শুনানি হবে।’
অভিযোগ রয়েছে, বাংলা ১৪২২ সালের জন্য ওই উপজেলায় ২৩টি হাটবাজার ইজারার শেষ দিন ছিল গত ১৮ ফেব্রুয়ারি দুপুর ১টা পর্যন্ত। সেদিন দরপত্র গ্রহণ শেষে দুপুর সোয়া একটায় উপস্থিত দরদাতাদের সামনে দরপত্র খুলে সর্বোচ্চ দরদাতার নাম ঘোষণা হয়েছিল। সে সময় ৩৩ লাখ ৫১ হাজার ১০১ টাকায় আলমগীর বোড়াগাড়ি হাটের জন্য সর্বোচ্চ দরদাতা ঘোষিত হন। এর পরেই সেখানে হট্টগোল শুরু হলে, ওই ঘোষণা স্থগিত করা হয়। পরে ২৬ ফেব্রুয়ারি ১৫ লাখ ৭৫ হাজার ৫০১ টাকায় দ্বিতীয় দরদাতা সাইদারকে ওই হাট ইজারা দেওয়া হয়। একইভাবে আমবাড়ি হাটের সর্বোচ্চ দরদাতা বাবলুর দরপত্র বাতিল করে দ্বিতীয় দরদাতা মো. আবদুল হামিদকে ওই হাট ইজারা দেওয়া হয়। বাবলুর দরমূল্য ছিল ২১ লাখ ৩৪ হাজার ১৪১ টাকা। দ্বিতীয় দরমূল্য ছিল ২০ লাখ ৩৫ হাজার ৫০০ টাকা।
জনতা ব্যাংক ডোমার শাখার ব্যবস্থাপক জিয়াউর রহমান বলেন, ‘এসডিআরের অর্থ হচ্ছে জামানতের বিপরীতে আমানত রশিদ। এটি পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের মতোই। এর আগে এসডিআর দাখিলের কারণে কোথাও দরপত্র বাতিল করা হয়নি।’