ডোবায় ছুড়ে শিশু হত্যা, বাবা-দাদি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জোনায়েদ হোসেন নামের এক শিশুকে ডোবায় ছুড়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির বাবা ও দাদিকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার কাঞ্চন পৌরসভার নওরাবো এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুর মা মৌসুমী আক্তার দাবি করেছেন, যৌতুক না পেয়ে তার শিশুকে হত্যা করা হয়েছে। তিনি জানান, গত দেড় বছর আগে উপজেলার কাঞ্চন পৌরসভার নওরাবো এলাকার আবু বক্করের সঙ্গে প্রেমের সম্পর্ক থেকে তাঁর বিয়ে হয়। কিন্তু তাঁদের বিয়ে তাঁর শ্বশুরবাড়ির লোকজন ভালোভাবে মেনে নেননি। তা ছাড়া বিয়ের পর তাঁর স্বামী, শাশুড়ি ও ননদ যৌতুকের জন্য তাঁকে চাপ দিয়ে আসছিলেন। একটি ঘর ও ৫০ হাজার টাকা যৌতুক দিলেও আরও যৌতুকের জন্য তাঁরা চাপ দিচ্ছিলেন। আর এ নিয়ে তাঁদের স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকত। মঙ্গলবার রাতে ফের আবু বক্করের সঙ্গে মৌসুমী আক্তারের ঝগড়া হয়। পরে শিশু জোনায়েদকে নিয়ে তাঁরা ঘুমিয়ে যান। ভোর রাতে মৌসুমী ঘুম থেকে উঠে দেখেন জোনায়েদ পাশে নেই। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে এক প্রতিবেশী এসে খবর দেন, শিশু জোনায়েদের মৃতদেহ পুকুরে ভেসে আছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, পারিবারিক কলহের জের ধরে আবু বক্কর ক্ষিপ্ত হয়ে শিশু জোনায়েদ হোসেনকে ডোবায় ছুড়ে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহত শিশুর বাবা আবু বক্কর ও দাদি মনোয়ারা বেগমকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।