ডোবায় দুই ভাইয়ের লাশ, বাবা পলাতক
সিলেটের ওসমানীনগর উপজেলায় ডোবা থেকে দুই ভাইয়ের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার রাত নয়টার পুলিশ ওই উপজেলার চিন্তামণি গ্রামের ডোবা থেকে লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে তাদের বাবা পলাতক বলে জানিয়েছে পুলিশ।
নিহত দুই শিশুর নাম আবদুল মুমিন (১১) ও রুজেল আহমদ (৭)। তাদের বাবার নাম সাব্বির আহমদ। মুমিন চিন্তামণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও রুজেল দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুরের দিকে দুই শিশুর বাবা সাব্বির দুজনকে মাছ ধরার কথা বলে বাড়ি থেকে বাইরে নিয়ে যান। সন্ধ্যার পর সাব্বির বাড়ি ফিরলেও দুই শিশু বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করেন। রাত আটটার দিকে চিন্তামণি গ্রামের ডোবায় দুই শিশুর লাশ দেখে গ্রামবাসী পুলিশে খবর দেন। এর মধ্যে বাড়ি থেকে পালিয়ে যান সাব্বির।
রাত সাড়ে নয়টার দিকে যোগাযোগ করা হলে ওসমানীনগর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে জানান, দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে মুমিনের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনার পর থেকে বাবা সাব্বির পলাতক থাকায় ধারণা করা হচ্ছে, হত্যার সঙ্গে তিনিই জড়িত।