ডোমারে খালুকে হত্যার অভিযোগ যুবক গ্রেপ্তার
নীলফামারীর ডোমার উপজেলার কৃষক আবদুর রশিদকে (৬৫) শ্বাসরোধে হত্যার অভিযোগে তাঁর দ্বিতীয় স্ত্রীর ভাগনে আবদুস সালামকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার হরিণচড়া ইউনিয়নের আঠিয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
পুকুরে লাশটি পাওয়া যাওয়ার পর পানিতে পড়েই আবদুর রশিদ মারা গেছেন বলে ধারণা করে গত সোমবার রাতে লাশ দাফনের প্রস্তুতি নেওয়া হয়। এ সময় এলাকাবাসী গলায় কালশিটে দাগ দেখে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে রশিদের দ্বিতীয় স্ত্রীর ভাগনে সালামকে পুলিশে দেয়। সালাম উপজেলার ছোট রাউতা গ্রামের রশিদুল ইসলামের ছেলে।
প্রতিবেশীরা জানায়, সালাম ও তাঁর বাবা রশিদুল মাদক ব্যবসায়ী ও দুজনেই মাদকাসক্ত।
নিহত রশিদের বড় ছেলে আনোয়ারুল ইসলাম বলেন, গত কোরবানির ঈদে স্থানীয় হাটে ৬০ হাজার টাকায় একটি গরু বিক্রি করেন তাঁর বাবা। ওই টাকা হাতিয়ে নিতে সালাম রোববার রাতে তাঁদের বাড়িতে আসেন। তিনি আরও বলেন, তাঁকে আবদুর রশিদের সঙ্গে এক ঘরে থাকতে দেওয়া হয়। সোমবার ভোরে সালামের কাছে বাবার খোঁজ করা হলে সে জানায়, ফজরের নামাজ পড়তে মসজিদে গেছেন বলে জানান। পরে সকাল সাতটার দিকে বাড়ির পাশের পুকুরে লাশটি ভাসতে দেখা যায়। ডোমার থানার ওসি মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।