ডোমারে গৃহকর্তাকে হত্যা করে টাকা লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার উপজেলা বোড়াগাড়ি ইউনিয়নের নয়ানী বাগডোকরা গ্রামে অতুল চন্দ্র রায় (৬৫) নামের এক ব্যক্তিকে তাঁর বাড়িতে হাত-পা বেঁধে মুখে টেপ লাগিয়ে ৬৪ হাজার টাকা লুটের ঘটনা ঘটেছে। এ অবস্থায় তাঁর মৃত্যু ঘটে।

গত বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত অতুল চন্দ্র রায় ওই গ্রামের বিস্টোরাম রায়ের ছেলে। এ ঘটনায় তাঁর স্ত্রী দেবমায়া রাণী রায় রাতে ডোমার থানায় মামলা করেন। পুলিশ লাশ উদ্ধার করে শুক্রবার নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত অতুলের ছেলে বিপুল চন্দ্র রায় দক্ষিণ কোরিয়ায় থাকেন। ওই বাড়িতে বিপুলের বাবা, মা ও স্ত্রী বসবাস করেন। ঘটনার দিন দুপুর সাড়ে ১২টার দিকে বিপুলের মা বিপুলের স্ত্রীকে তাঁর বাবার বাড়ি থেকে আনতে ডিমলা উপজেলার ডালিয়ায় যান।

এ অবস্থায় অতুল একাই বাড়িতে ছিলেন। এ সুযোগে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে অতুলের হাত-পা বেঁধে নাক ও মুখ টেপ দিয়ে আটকে বাড়িতে থাকা ৬৪ হাজার টাকা নিয়ে চলে যায়।

অতুলের মেয়ে দিপালী রাণী রায়ের ছেলে একই গ্রামের সুমন রায় (১৫) বলে, ‘আমার দিদিমা (অতুলের স্ত্রী) দাদুকে বাড়িতে একা রেখে বাবার বাড়ি থেকে মামিকে আনতে যান। দিদিমা রাতে বাড়িতে ফিরবেন না এ জন্য দাদুর খোঁজখবর আমাকে নিতে বলেন। বিকেলে এক বন্ধুকে সঙ্গে নিয়ে দাদুর বাড়িতে এসে দেখি মূল ফটক ভেতর থেকে তালা লাগানো। অনেক ডাকাডাকির পর কোনো সাড়া না পেয়ে দেয়াল টপকে ভেতরে ঢুকে দেখি দাদুর হাত-পা শাড়ি দিয়ে বাঁধা, নাক-মুখ টেপ দিয়ে আটকানো, দাদু ঘরের মেঝেতে পড়ে আছেন। এ সময় আমি ও আমার বন্ধু চিৎকার দিলে প্রতিবেশীরা এসে হাতের বাঁধন ও নাক-মুখের টেপ খুলে শহরের ক্লিনিকে নেয়।’